২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষা দিতে চায় চবি’র ব্যবসার শিক্ষার্থীরা

স্থগিত পরীক্ষা অনুষ্ঠানের দাবিতে মানববন্ধন, র‌্যালি ও উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 03:50 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

চট্টগ্রাম, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থগিত পরীক্ষা অনুষ্ঠানের দাবিতে মানববন্ধন, র‌্যালি ও উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা । গত ২৯ অক্টোবরের পর এ অনুষদের কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শিক্ষার্থীদের অভিযোগ, গত ২৬ অক্টোবর ছাত্রশিবিরের ২৮ নেতাকর্মীকে গ্রেপ্তার এবং ১৩ নভেম্বর শাহজালাল হলে উঠতে না পারার জের ধরে সংগঠনটির চাপে পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে মানববন্ধনে স্থগিত ও পূর্বনির্ধারিত পরীক্ষা নেওয়ার দাবি জানান তারা। এর আগে সকাল সাড়ে ১১ টায় ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে একই দাবিতে শিক্ষার্থীরা র‌্যালি বের করেন। পরে দুপুর সাড়ে ১২টায় শিক্ষার্থীরা প্রক্টরের মাধ্যমে চবি উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ বরাবর চার দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেয়। প্রক্টর ড. নাসিম হাসান স্মারকলিপি গ্রহণের কথা নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/২১৪৩ ঘ.