২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি খ ইউনিটের মৌখিক পরীক্ষা স্থগিত

এক ইউনিটের পরীক্ষা বাতিলের দিনই আরেক ইউনিটে ভর্তির মৌখিক পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 07:16 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের রোববারের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও খ ইউনিট ভর্তি কমিটির প্রধান অধ্যাপক সদরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামীকালের (২০ নভেম্বর) মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।" গত ২১ অক্টোবর অনুষ্ঠিত এ পরীক্ষার ফল প্রকাশ হয় ২৩ অক্টোবর। এতে ৩৩ হাজার ৬৮৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয় ৮ হাজার ৫৮৫ জন। এই ইউনিট ও ঘ ইউনিটের মাধ্যমে ৯টি বিভাগে ভর্তির ক্ষেত্রে যোগ্যতার শর্ত আরোপ করে নেওয়া বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের একটি সিদ্ধান্ত গত ২৩ অক্টোবর চার মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। মাদ্রাসা থেকে আলিম (উচ্চ মাধ্যমিক সমমান) পাশ করা এক ছাত্রের রিট আবেদনের প্রেক্ষিতে এ রুল দেওয়া হয়। প্রশ্নপত্র নিয়ে বিতর্কের মুখে আরেকটি ইউনিটে (গ ইউনিট) আগে নেওয়া ভর্তি পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শনিবার রাতেই জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খ ইউনিটে ভর্তির ক্ষেত্রে যোগ্যতার শর্ত বিষয়ক সিদ্ধান্তটি ঢাকা বিশ্ববিদ্যালয় নেয় ২০০৯ সালের ৬ সেপ্টেম্বর। ওই সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের ৭টি বিষয়ে ভর্তির ক্ষেত্রে ভর্তিচ্ছুকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাংলা ও ইংরেজিতে ২০০ নম্বর করে থাকতে হবে বলে উল্লেখ করা হয়। বিষয়গুলো হলো- বাংলা, ইংরেজি, ভাষাতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজ বিজ্ঞান, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা। এছাড়া অর্থনীতি ও উন্নয়নে ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ইসলামি অর্থনীতিকে অর্থনীতির সমমান বিবেচনা করা হবে না বলে ওই সিদ্ধান্তে উল্লেখ করা হয়। ২০১১-১২ শিক্ষা বর্ষের ভর্তি গাইডলাইনেও এসব শর্ত রাখা হয়। হাই কোর্টের রুলে সিন্ডিকেটের সিদ্ধান্তের পাশাপাশি এই গাইডলাইনের কথাও উল্লেখ করা হয়। ওই সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তাও জানতে চায় হাই কোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/০১৩৮ঘ.