২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি গ ইউনিটের পরীক্ষা আবার

প্রশ্নপত্র নিয়ে বিতর্কের মুখে চলতি মাসের শুরুতে ফল পুনর্মূল্যায়নের পর পুনরায় পরীক্ষা নেওয়ার এ সিদ্ধান্ত নিল ঢাকা বিশ্ববিদ্যালয়।(বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 05:50 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষা আবার নেওয়া হবে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ডিন'স কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, "প্রশ্নপত্রে অসঙ্গতি থাকায় শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ফল পুনর্মূল্যায়ন করা হয়। এরপরও আরো বিপুল পরিমাণ পুনমূর্ল্যায়ন আবেদন আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" পুনঃভর্তি পরীক্ষার তারিখ সভায় নির্ধারিত হয়নি। গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ভুল নিয়ে পরীক্ষার্থীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এ ইউনিটের পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য জানান, পুনঃভর্তি পরীক্ষায় অংশ নিতে নতুন করে কোনো ফরম পূরণ বা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে না। তিনি বলেন, আগের প্রবেশপত্রেই আবার পরীক্ষা দেওয়া যাবে। কারো প্রবেশপত্র হারিয়ে বা নষ্ট হয়ে গেলে তারা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.du.ac.bd) থেকে প্রবেশপত্র আবার ডাউনলোড করতে পারবে বলে জানান আরেফিন সিদ্দিক। পুনর্মূল্যায়নের পর উত্তীর্ণের সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে যায়। আগে উত্তীর্ণ অনেকের ফলও পরিবর্তন হয়। প্রথম ফলে দুই হাজার ৭২৭ জন উত্তীর্ণ হলেও পুনর্মূল্যায়নের পর উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে হয় ছয় হাজার ৯৪ জন। গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ও 'গ' ইউনিটের ভর্তি কমিটির প্রধান অধ্যাপক জামাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, 'গ' ইউনিটের প্রশ্নে সাত থেকে আটটি ভুল চিহ্নিত হয়। গ ইউনিটের ভার্তি পরীক্ষার ফল প্রকাশ হয় গত ৩১ অক্টোবর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০০৪১ ঘ.