২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি নিয়ে চবিতে বিক্ষোভ

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে 'যথাযথ' মূল্যায়ন হয়নি দাবি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করেছে সংগঠনটির এক দল নেতা-কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 11:53 AM

Updated : 24 Aug 2022, 04:46 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে 'যথাযথ' মূল্যায়ন হয়নি দাবি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করেছে সংগঠনটির এক দল নেতা-কর্মী। বুধবার সকাল সাড়ে ১২টার দিকে চবির কলা অনুষদের সামনের চত্বর থেকে মিছিল করার পর দুপুর সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দেয় ছাত্রলীগ। বন্ধ ফটকের সামনের অবস্থান ধর্মঘট শুরু করে শতাধিক ছাত্রলীগ নেতা-কর্মী। দুপুর সোয়া ২টায় তারা অবস্থান ধর্মঘট শেষ করে। এ সময় ছাত্রলীগের বাধায় চবি'র নগরমুখী একটি শাটল ট্রেন ক্যাম্পাস ছেড়ে যেতে ৪০ মিনিট দেরি হয়। এ বিষয়ে চবি শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সোমবার রাতে ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'যথাযথ' প্রতিনিধিত্ব নেই। কমিটিতে চবি ছাত্রলীগকে মূল্যায়ন করা হয়নি। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক কমিটির উপ-অর্থ সম্পাদক মহসিন কবির রিয়েল এবারের ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতির পদ পেয়েছেন। তবে এ পদ প্রাপ্তিকেও স্বীকৃতি হিসেবে মানতে নারাজ ছাত্রলীগ সভাপতি মামুনুল হক। তিনি বলেন, অতীতে প্রতিটি কমিটিতে চবি থেকে তিন থেকে পাঁচ জন প্রতিনিধত্ব করেছে। এবারই কেবল ব্যতিক্রম হলো। চবি'র প্রক্টর ড. নাসিম হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রলীগের বাধার কারণে নির্ধারিত সময় দুপুর দেড়টায় শাটল ট্রেন ছেড়ে যায়নি। ৪০ মিনিট পর পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে ২টা ১০ মিনিটে ট্রেনটি ছেড়ে গেছে। অবস্থান ধর্মঘট চালাকালে চবি'র শিক্ষক ও কর্মকর্তা- কর্মচারীদের পরিবহনকারী বাস চলাচল বন্ধ ছিল। চবি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রলীগের অবস্থান ধর্মঘটের কারণে প্রায় এক ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/পিডি/১৭৪৫ ঘ.