২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক সমাপনীতে পরীক্ষার্থী বেড়েছে দেড় লাখ

আগামী ২৩ নভেম্বর থেকে অনুষ্ঠেয় এ পরীক্ষায় ২৬ লাখ ৩৭ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী অংশ নেবে। ফল প্রকাশ করা হবে গ্রেডিং পদ্ধতিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 04:02 AM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার শিক্ষার্থী বেড়েছে এক লাখ ৪৯ হাজার ৩৪৭ জন। এবার থেকে এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে গ্রেডিং পদ্ধতিতে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আবদুর রউফ চৌধুরী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ২৩ নভেম্বর থেকে অনুষ্ঠেয় এ পরীক্ষায় ২৬ লাখ ৩৭ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী অংশ নেবে। গত বছর শিক্ষার্থী ছিলো ২৪ লাখ ৮৮ হাজার ৩২৯ জন। তিনি বলেন, ২০০৯ সাল থেকে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছে। এবার ৩০ নভেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ২৩ লাখ ১৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ১০ লাখ ৬৬ হাজার ৫২১ জন ছাত্র এবং ১২ লাখ ৫০ হাজার ১৬৪ জন ছাত্রী। এদের মধ্যে ইংরেজি মাধ্যমের পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার ২৯৭ জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে এবার তিন লাখ ২০ হাজার ৯৯১ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে। এর মধ্যে এক লাখ ৫০ হাজার ৫৮ জন ছাত্র এবং এক লাখ ৭০ হাজার ৯৩৩ জন ছাত্রী। সারাদেশে ছয় হাজার ১৬৮টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে বলে আবদুর রউফ চৌধুরী জানান। দেশের বাইরে সৌদী আরবের রিয়াদ ও জেদ্দা; কাতারের দোহা; সংযুক্ত আরব আমিরাতের রাসআলখাইমাহ, আবুধাবি; লিবিয়ার ত্রিপোলি, বাহরাইন এবং অস্ট্রেলিয়ার ক্যানবেরা কেন্দ্রেও পরীক্ষা হবে। এবার থেকে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হবে গ্রেডিং পদ্ধতিতে। আবদুর রউফ জানান, প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীরা ১৫ মিনিট অতিরিক্ত সময় পাবে। প্রাথমিক সমাপনী সময়সূচি ২৩ নভেম্বর গণিত, ২৪ নভেম্বর বাংলা, ২৭ নভেম্বর ইংরেজি, ২৮ নভেম্বর পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৯ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ এবং ৩০ নভেম্বর ধর্ম। ইবতেদায়ী সমাপনী সময়সূচি ২৩ নভেম্বর গণিত, ২৪ নভেম্বর বাংলা, ২৭ নভেম্বর ইংরেজি, ২৮ নভেম্বর পরিবেশ পরিচিতি বিজ্ঞান/পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৯ নভেম্বর আরবি এবং ৩০ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/০৯৪৫ ঘ.