২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বোর্ডে শিক্ষার্থীদের নিবন্ধন হবে অনলাইনে

চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের জেএসসি-এসএসসি-এইচএসসি পরীক্ষার নিবন্ধন অনলাইনে সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 06:19 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের জেএসসি-এসএসসি-এইচএসসি পরীক্ষার নিবন্ধন অনলাইনে সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ঢাকা শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে এ পদ্ধতির উদ্বোধনে বুধবার এ কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, "এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের কষ্ট ও হয়রানি কমে আসবে।" অনুষ্ঠানে অনলাইন ইএসআইএফ (ইলেক্ট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম) ও ইএফএফ (ইলেক্ট্রনিক ফর্ম ফিল-আপ) পদ্ধতির উদ্বোধন করেন মন্ত্রী। অন্যান্য শিক্ষা বোর্ডকেও এ পদ্ধতি চালুর পরামর্শ দেন তিনি। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে ইএসআইএফ এবং ইএফএফ কার্যক্রম পাইলটিং করা হলেও ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে তা কার্যকর করা হলো।" এ পদ্ধতিতে শিক্ষা প্রতিষ্ঠানে বসেই শিক্ষার্থীরা ইন্টারনেটে ইএসআইএফ ফর্ম পূরণ করে ঢাকা শিক্ষা বোর্ডে পাঠাবে। বোর্ড তা ডাউনলোড করে একটি রেজিস্ট্রেশন (নিবন্ধন) নম্বর বসিয়ে দেবে। শিক্ষা প্রতিষ্ঠানে বসেই শিক্ষার্থীরা তা ডাউনলোড করতে পারবে। "রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীদের মধ্য থেকে পরীক্ষার জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নামের তালিকা ইএফএফ পদ্ধতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান বোর্ডে পাঠাবে," জানান বোর্ড চেয়ারম্যান। এরপর সংশ্লিষ্ট ব্যাংকে শিক্ষার্থীদের পরীক্ষার ফি জমা দেওয়ার প্রেক্ষিতে শিক্ষা বোর্ড স্কুল কর্তৃপক্ষকে ইমেইলে প্রবেশপত্র পাঠাবে যা ডাউনলোড করে সিল দিয়ে শিক্ষার্থীদের দেবে স্কুল কর্তৃপক্ষ। ছাত্রছাত্রী ভর্তি, রেজিস্ট্রেশন, পরীক্ষার ফর্ম পূরণ, ফল প্রকাশ ও পুনঃনিরীক্ষা, ই-বুক, নিয়োগের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক আদেশ-নির্দেশ ও বিজ্ঞপ্তিসহ বোর্ডের বেশিরভাগ কার্যক্রম অনলাইনে করা হচ্ছে বলে জানান অধ্যাপক ফাহিমা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদ ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (মাধ্যমিক) এ এস মাহমুদ বক্তব্য দেন। অনুষ্ঠানে সর্বশেষ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সেরা ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে সম্মাননা দেন শিক্ষামন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/পিডি/০০০১ ঘ.