২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির 'গ' ইউনিটে ভর্তির উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং প্রকাশিত ফল স্থগিত রাখার দাবি জানিয়েছে ভর্তিচ্ছু কয়েকজন শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 03:47 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং প্রকাশিত ফল স্থগিত রাখার দাবি জানিয়েছে ভর্তিচ্ছু কয়েকজন শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে 'গ' ইউনিটে পরীক্ষা দেওয়া শিক্ষার্থী শাহনাজ জাফরিন (ভর্তি পরীক্ষার রোল নং-৩১৫৩৯৯) অভিযোগ করেন, ইংরেজি ২৫টি প্রশ্নের মধ্যে ২০টির সঠিক উত্তর দিয়েও তিনি পেয়েছেন ৯ নম্বর। ইংরেজিতে উত্তীর্ণ না হওয়ায় তিনি ভর্তিবঞ্চিত হয়েছেন। যে কারণে উত্তরপত্র মূল্যায়ন নিয়ে সন্দেহ দেখা দিয়েছে বলে জানান তিনি। মো. সুজন শেখ (ভর্তি পরীক্ষার রোল নং- ৩০৭৪১৩) একই অভিযোগের কথা তুলে ধরে বলেন, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন উত্তরগুলো সঠিক হিসাবে বেছে নিয়েছেন তা আমাদের জানাতে হবে। উত্তর সঠিক হওয়ার পরও আমরা চান্স না পেলে আমাদের দাবি নেই।" শিক্ষার্থীদের অভিযোগ সর্ম্পকে বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আজ (মঙ্গলবার) রাত ৯টায় বিজনেস স্টাডিস পরীক্ষা কমিটির সভা ডাকা হয়েছে। যদি অসতর্কতার কারণে কোন ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই পুনর্মূল্যায়ন করা হবে।" তিনি আরো বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষা স্বচ্ছ তাই যে কোনো সমস্যা সমাধান করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত।" সংবাদ সম্মেলনে রাজু মুন্সী (ভর্তি পরীক্ষার রোল নং ৩০৯৪১২), সাগর (ভর্তি পরীক্ষার রোল নং ৩১২২৩৯) সহ প্রায় ২০ থেকে জন 'গ' ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৪১ ঘ.