চট্টগ্রাম, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদনের সময় বাড়িয়েছে কর্তৃপক্ষ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ নভেম্বর পর্যন্ত ভর্তি আবেদনের সময় বাড়ানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার সহকারী পরিচালক খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভর্তি আবেদনের শেষ সময় ছিল ৩০ অক্টোবর।
তবে ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখ ১ ডিসেম্বরই অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
গত ১৭ সেপ্টেম্বর থেকে সিভাসুতে ভর্তি আবেদন শুরু হয়েছে।
দুটি অনুষদের অধীনে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও বিএসসি ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএফএসটি) ডিগ্রি প্রদানে ১২৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
পাঁচ বছর মেয়াদি ডিভিএম ডিগ্রিতে সংরক্ষিত মুক্তিযোদ্ধা ও উপজাতীয় কোটায় ২ জন করে ৪ জনসহ মোট ৭৫ শিক্ষার্থী ভর্তি হতে পারবে।
অন্যদিকে, চার বছর মেয়াদি বিএফএসটি ডিগ্রিতে ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এতে মুক্তিযোদ্ধা ও উপজাতীয় কোটায় একটি করে আসন সংরক্ষিত আছে।
ভর্তির ক্ষেত্রে ২০০ নম্বরের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে । এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ওপর ১০০ ও এমসিকিউ'র মাধ্যমে আরও ১০০ নম্বারের পরীক্ষা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৪১২ ঘ.
bdnews24