গাজীপুর, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্তৃপক্ষের অবহেলায় গাজীপুরের পূবাইল আদর্শ ডিগ্রি কলেজের ২০ শিক্ষার্থীর ডিগ্রি মান উন্নয়ন পরীক্ষা দেওয়া হয়নি।
এবারই তাদের মান উন্নয়ন পরীক্ষা দেওয়ার শেষ সুযোগ ছিল বলে শিক্ষার্থীরা জানান।
একাউন্টিংয়ের শিক্ষার্থী আয়েশা আক্তার সাংবাদিকদের জানান, অধ্যক্ষের অবহেলা ও দুর্নীতির কারণে এই ২০ ছাত্রছাত্রীকে আগের খারাপ ফলাফল নিয়ে বাকি জীবন কাটাতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী একবারই মান উন্নয়ন পরীক্ষা দেওয়া যায়।
একাউন্টিংয়ের আরেক শিক্ষার্থী রাকিব হোসাইন জানান, জাতীয় বিশ্ব বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী মান উন্নয়ন পরীক্ষার জন্য যথাযথভাবে ফরম পূরণ করে নির্ধারিত টাকা কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দেন এসব পরীক্ষার্থীরা। কিন্তু কলেজ কর্তৃপক্ষ ওই টাকা অসাত্মাৎ করে।
ফলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিষয় ভিত্তিক কোড নম্বর এবং কারো কারো প্রবেশপত্র কলেজে আসেনি।
তারা অধ্যক্ষের বিচার এবং তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান।
কলেজের একাউন্টিংয়ের শিক্ষক রায়হান আহমেদ জানান, এবার মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে না পাড়ায় ওই ২০ ছাত্রছাত্রী 'উন্নত ভবিষ্যত' থেকে বঞ্চিত হলো।
পূবাইল আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কাইয়ুম খান কলেজ কর্তৃপক্ষের ত্রুটির কথা উল্লেখ করে বলেন, কলেজের অফিস সহকারীর ভুলের কারণে এ ঘটনা ঘটেছে। এটি সংশোধনের চেষ্টা করা হচ্ছে।
পরীক্ষা দিতে না পারা ছাত্রছাত্রীদের মধ্যে ১৪ জন একাউন্টিং এবং ৬ জন অন্যান্য বিষয়ের।
জাতীয় বিশ্বদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদিউজ্জামান জানান, এমন কোনো অভিযোগ তিনি এখনো পাননি।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই পরীক্ষা শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৫ ঘ.
bdnews24