চট্টগ্রাম, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা।
রোববার সকাল ৯টা থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছাত্রসংসদ নির্বাচনের তারিখ নির্ধারণের দাবি জানায় তারা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্য অধ্যাপক ড. শ্যামল কান্তি বিশ্বাসের কাছে স্মারকলিপি দেয়।
এরই পরিপ্রেক্ষিতে বিকালে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন উপাচার্য।
এতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি আবাসিক হল ও ক্যান্টিনের বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানের দাবি জানানো হয়। উপাচার্য সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিলে সোমবার থেকে ক্লাস ও পরীক্ষায় অংশ নেওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।
আন্দোলনরত পুরকৌশল বিভাগের শিক্ষার্থী নিয়াজ মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্র সংসদ না থাকায় সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা হচ্ছে না। তাই আমরা নির্বাচন দাবি করছি।"
উপাচার্যের আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক তাজুল ইসলাম ক্লাস-পরীক্ষা বর্জনের কথা স্বীকার করে বলেন, উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তবে বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের পরিবেশ নেই। এ অবস্থায় নির্বাচন দেওয়া সম্ভব নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এএইচ/এএল/২০৪৫ ঘ.
bdnews24