২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেলের শিক্ষার্থীদের বৃত্তি দেবে সিসিসি

মেডিকেলে অধ্যয়নরত দরিদ্র মেধাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2011, 02:13 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

চট্টগ্রাম, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেলে অধ্যয়নরত দরিদ্র মেধাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)। শনিবার দুপুরে সিসিসি মিলনায়তনে চট্টগ্রাম পৌরসভার সাবেক চেয়ারম্যান নুর আহমদের স্মরণে সিটি মেয়র মনজুর আলম এ ঘোষণা দেন। চলতি বছর থেকে চার জন করে শিক্ষার্থীকে শর্তসাপেক্ষে এ বৃত্তি দেওয়ার কার্যক্রম শুরু হবে বলে সিসিসি জানিয়েছে। মেয়র বলেন, এ উপমহাদেশে প্রথম অবৈতনিক প্রাথমিক শিক্ষার প্রবর্তন করেছিলেন নুর আহমদ চেয়ারম্যান। ১৯২৭ সালে তিনিই প্রথম চট্টগ্রামে অবৈতনিক প্রাথমিক শিক্ষা চালু করেন। চট্টগ্রামে শিক্ষা বিস্তারে নুর আহমদ চেয়ারম্যানের প্রদর্শিত ধারা সিসিসি স¤প্রসারিত করেছে জানিয়ে মেয়র মনজুর বলেন, "চলতি বছর থেকে দরিদ্র মেধাবি শিক্ষার্থীদের জন্য যে চিকিৎসা শিক্ষা বৃত্তি দেওয়া হবে তা নুর আহমদ চেয়ারম্যানের নামে চালু করা হবে।" সিসিসি'র জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বছর থেকে চার জন করে দরিদ্র শিক্ষার্থীর চিকিৎসা শিক্ষায় শর্তসাপেক্ষে বৃত্তি দেওয়া হবে। শিক্ষা জীবন শেষে এসব শিক্ষার্থীদের সিসিসিতে চাকরিও দেওয়া হবে। তিনি বলেন, তবে শর্ত অনুসারে এসব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের চিকিৎসক হিসেবে সিসিসিতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে হবে। চট্টগ্রামে বাড়ি-এমন শিক্ষার্থীরা যেকোনো মেডিকেলেই পড়লেই এই আবেদন করতে পারবে বলে জানান সাইফুদ্দিন। নুর আহমদ চেয়ারম্যান ১৯২১ সালে তৎকালীন চট্টগ্রাম পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর একাধিকবার নির্বাচিত হয়ে ১৯৫৪ সাল পর্যন্ত টানা ৩৪ বছর তিনি পৌরসভা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, গবেষক সাখাওয়াত হোসেন মজনু, অধ্যাপক সেলিম জাহাঙ্গীর, কাউন্সিলর দিদারুর রহমান, সিসিসি'র শিক্ষা স্ট্রান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর রেহানা বেগম রানু, সিসিসি'র সচিব সামসুদ্দোহা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৯৫৪ ঘ.