ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ইসলামী ছাত্রশিবিরের কর্মী সন্দেহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পুলিশ বলছে, আটক দর্শন বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র শফিকুল ইসলাম রনির বিরুদ্ধে ফেইসবুকে উস্কানিমূলক কথা লেখার অভিযোগ রয়েছে।
সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক খন্দকার আরিফুজ্জামান জানান, মঙ্গলবার দুুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাইবার ক্যাফেতে ফেইসবুক ব্যবহার করছিলেন রনি।
তার প্রোফাইলে 'খুনি শেখ হাসিনার বিচার চাই' লেখা দেখতে পেয়ে ছাত্রলীগ কর্মীরা তাকে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের নিচতলায় নিয়ে আসে।
প্রক্টর অশোক কুমার সাহা সেখানে উপস্থিত হলে তাকে প্রক্টরের রুমে নিয়ে যাওয়া হয়।
অশোক কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শফিকুল ইসলামের কাছ থেকে পাওয়া সব তথ্যের উপর ভিত্তি করে আমরা নিশ্চিত হয়েছি যে সে শিবিরকর্মী। তাকে পুলিশের কাছে সোপর্দ করেছি। আইন অনুযায়ী তার বিচার হবে।"
কোতায়ালী থানার ওসি সালাউদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছেলেটি ক্যাম্পাসে নৈরাজ্য তৈরির পাঁয়তারা করছে বলে আমরা জানতে পেরেছি।"
তার বিরুদ্ধে ফেইসবুকে বিভিন্ন উস্কানিমূলক কথা লেখার অভিযোগ করেছেন ছাত্ররা।
"ছাত্রদের এ অভিযোগ আমারা খতিয়ে দেখছি," বলেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/২৩১৭ ঘ.
bdnews24