২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোচিং ব্যবস্থা উঠিয়ে দিতে চাই: নাহিদ

শিক্ষকদের কোচিংয়ে ক্লাস নেওয়ায় বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারির নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্টের দেওয়া আদেশকে স্বাগত জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষকদের কোচিংয়ে ক্লাস নেওয়ায় বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারির নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্টের দেওয়া আদেশকে স্বাগত জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, "আমরাও এর পক্ষে। আমরা চাই দেশ থেকে কোচিং ব্যবস্থা উঠিয়ে দিতে।" হাইকোর্টের নির্দেশনা নিয়ে সিদ্ধান্ত প্রসঙ্গে মন্ত্রী বলেন, "পূর্ণাঙ্গ রায় দেখে এ ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।" সরকারি, এমপিওভুক্ত এবং রেজিস্টার্ড স্কুলের শিক্ষকদের কোচিংয়ে ক্লাস নেওয়ায় বিধিনিষেধ বিষয়ক রুল সোমবারই রুল জারি করে হাইকোর্ট। অভিভাবক ঐক্য ফোরামের করা এক রিটের প্রেক্ষিতে এ রুল দেওয়া হয়। আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, সংসদ সচিব, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি এবং বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের চেয়ানম্যানসহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ২০ জনকে রুলের জবাব দিতে বলেছে। শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন। গত ২১ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় আইন করে কোচিং সেন্টার বন্ধের দাবি জানিয়েছিলেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষরা। ওই দিন শিক্ষামন্ত্রী বলেছিলেন, "হঠাৎ করেই কোচিং বন্ধ করা যাবে না। এ ব্যাপারে জনমত গড়ে তুলতে হবে। একটা পর্যায়ে এসে কোচিং বন্ধ করে দেওয়া হবে।" কোচিংকে নৈতিকতাবিরোধী উল্লেখ করে ওইদিন তিনি কোচিং সেন্টারের মালিকদের ব্যবসা গুটিয়ে নেওয়ারও পরামর্শ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/১৭৫৮ ঘ.