২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে

২৫ বছর আগে জগন্নাথ হলে ছাদ ধসে ৩৯ জনের মৃত্যুর দিনটিতে শোক পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 04:01 AM

Updated : 24 Aug 2022, 04:33 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৫ বছর আগে জগন্নাথ হলে ছাদ ধসে ৩৯ জনের মৃত্যুর দিনটিতে শোক পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শনিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব হল ও প্রধান ভবনগুলোতে কালো পতাকা তোলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পতাকাও রয়েছে অর্ধনমিত। সকাল ৭টায় অপরাজেয় বাংলা থেকে শোক শোভাযাত্রা করে জগন্নাথ হলে স্মৃতিসৌধে ফুল দেওয়া হয়। সকাল সাড়ে ৮টায় জগন্নাথ হল প্রাঙ্গণে বিভিন্ন ধর্মের প্রার্থনা সভা হয়। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলের টিভি কক্ষের ছাদ ধসে ২৬ ছাত্র নিহত হন। নিহত বাকি ১৩ জন ছিলেন কর্মচারী ও অতিথি। দুর্ঘটনায় আহত হয়েছিল প্রায় অর্ধশতাধিক। রাতে যখন ছাদটি ধসে পড়ে তখন বিটিভির ধারাবাহিক নাটক 'শুকতারা' দেখছিলেন তারা। ওই ঘটনার স্মরণে প্রতি বছরই শোক পালন করে আসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠন দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জগন্নাথ হলে নিহতদের তৈলচিত্র ও বিভিন্ন দ্রব্যাদি প্রদর্শন করা হবে, সকালে রক্তদান কর্মসূচি এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ছাত্র-শিক্ষক মিলনায়তনে স্মরণসভা হবে। শোক দিবসের অংশ হিসেবে সন্ধ্যা ৭টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অক্টোবর দুর্ঘটনার স্মরণে আলোচনা সভা এবং ভক্তিমূলক গান ও কবিতা আবৃতির আয়োজন করা হয়েছে। এদিকে জগন্নাথ হলের আরেক ভবন সন্তোষ চন্দ্র ভট্টাচার্য (পূর্ববাড়ি) ২০০৬ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তখন এ ভবনের ছাত্রদের অন্যান্য ভবনে সরানোর জন্যে হল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু ভবনে অবস্থানকারী ছাত্রদের জন্য বিকল্প আবাসন ব্যবস্থা করা যায়নি বলে তারা এখনো ঝুঁকিপূর্ণ ভবনে ওই অবস্থান করছেন। এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক অজয় কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে বলেন, একটি আট তলা ভবন নির্মাণাধীন রয়েছে। আগামী জুন বা জুলাই মাসের মধ্যেই নতুন ভবনটি উদ্বোধন করা হবে। ঝুঁকি থাকলেও নতুন ভবন উদ্বোধন না করা পর্যন্ত ছাত্রদের ঝুঁকি নিয়েই থাকতে হবে তিনি স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৪৬ ঘ.