২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। বুধবার এক লিখিত বিবৃতিতে ফোরাম অভিযোগ করে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবার স্বচ্ছ, নিয়মতান্ত্রিক, সুশৃঙ্খল পরীক্ষা আয়োজন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে নানা অসঙ্গতি ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে। গত ৮ অক্টোবর এ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে এবং ১৩ অক্টোবর পরীক্ষা শেষ হবে। বিবৃতিতে আরো বলা হয়, ভর্তি পরীক্ষার নিয়ম নীতির তোয়াক্কা না করে সংশ্লিষ্ট অনুষদের ডিনের নির্দেশে গত ৯ অক্টোবর 'ঘ' ইউনিটের দ্বিতীয় শিফটের ২৫ জন পরীক্ষার্থীর পরীক্ষা ৫ম শিফটে বিশেষ পরিদর্শকের তত্ত্বাবধানে নেওয়া হয়। এটা প্রচলিত নিয়মের লঙ্ঘন। পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ হলেও প্রশাসনের অদক্ষতার কারণে কিছু কিছু কক্ষে এর ব্যবহার হচ্ছে। গত ১১ অক্টোবর 'ছ' ইউনিটের ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থী ও অভিভাবকরা প্রশাসনের এই দ্বৈত নীতির প্রতিবাদ জানাতে গেলে পুলিশ দিয়ে তাদের হটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেছে এই ফোরাম। বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যাপক শামছুল আলম, অধ্যাপক মো. সোহেল রানা, শিক্ষক মাফরুহী সাত্তারসহ মোট ৭৬ শিক্ষক ওই বিবৃতিতে সই করেছেন। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/১৯৫৩ ঘ.