গাজীপুর, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি'র (ডুয়েট) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় ডুয়েট ক্যাম্পাসে কেক কেটে, পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল। এরপর শিক্ষক-শিক্ষার্থীরা শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন।
২০০৩ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজি (বিআইটি), ঢাকা'র পরিবর্তিত নাম ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডুয়েট) হয়। সেই থেকে প্রতি বছর ১ সেপ্টেম্বর 'ডুয়েট ডে' পালিত হয়ে আসছে। তবে এবছর অভ্যন্তরীণ সমস্যার কারণে সোমবার 'ডুয়েট ডে' পালিত হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ডুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ সবদার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. শওকত ওসমান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অনুষদের ডিন অধ্যাপক মো. আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১১১ ঘ.
bdnews24