২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে অর্থ জোগান সরকার দেবে: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে সরকারিভাবে এ বিশ্ববিদ্যালয়ে অর্থ জোগানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 08:04 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে সরকারিভাবে এ বিশ্ববিদ্যালয়ে অর্থ জোগানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ ঘোষণা আসে বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন। আইন সংশোধনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে গত সপ্তাহজুড়ে উত্তাল ছিলো পুরান ঢাকার এ বিশ্ববিদ্যালয়। আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেভাগে পূজার ছুটি দিয়ে ক্যাম্পাস বন্ধ করে দেয়। প্রধানমন্ত্রী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করা হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনায় সরকার যেভাবে অর্থ দেয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও সেভাবে অর্থ পাবে। অবশ্য পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নিজস্ব তহবিল গঠনের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। প্রতিনিধিদলের সদস্যরা সাউথ সাউথ পুরস্কার প্রাপ্তি এবং জাতিসংঘের 'শান্তির মডেল' উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এ সময় প্রেস সচিব আজাদ ছাড়াও ছাড়াও মুখ্য সচিব শেখ ওয়াহিদ-উজ-জামান এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন। ১৮৮৪ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ কলেজকে ২০০৫ সালে একটি আইনের মাধ্যমে পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। তবে এর আইনের ২৭ (৪) ধারায় বলা হয়েছে, পাঁচ বছর পর বিশ্ববিদ্যালয়ের ব্যয়ভার তাদের নিজেদেরই বহন করতে হবে। শিক্ষার্থীরা আইনের এ ধারাটি পরিবর্তনের দাবি জানিয়ে আসছে কয়েক বছর ধরে। তবে অভ্যন্তরীণ ব্যয় বাড়ানোর অংশ হিসেবে স¤প্রতি সেমিস্টার ফি ৩ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হলে গত ২৫ সেপ্টেম্বর বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। সেদিন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় কয়েক হাজার শিক্ষার্থী। পুলিশ তাদের লাঠিপেটা করলে ব্যাপক গাড়ি ভাংচুর হয়। বিক্ষোভ ও ভাংচুরের ঘটনায় কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তারও করা হয়। পরে জামিনে ছাড়া পান তারা। ২৪ হাজার ছাত্রের এ বিশ্ববিদ্যালয়ে আবাসন ও শিক্ষক সঙ্কটও রয়েছে। তবে দুদিন আগেই সরকারি তৎপরতায় বিশ্ববিদ্যালয়ের একটি বেদখল হল উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/এএল/১৪২০ ঘ.