২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয়াংকা এসএসসি পরীক্ষা দিতে পারছে না

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রিয়াংকা প্রসাদ এবার এসএসসি পরীক্ষা দিতে পারছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 12:56 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

দিনাজপুর, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রিয়াংকা প্রসাদ এবার এসএসসি পরীক্ষা দিতে পারছে না। প্রিয়াংকার অভিযোগ বিদ্যালয়ের শিক্ষকদের অবহেলার কারণে তার একটি বছর নষ্ট হয়ে যাচ্ছে। মঙ্গলবার থেকে সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। প্রিয়াংকা প্রসাদ জানায়, কবি নজরুল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী হিসেবে সে রেজিস্ট্রেশন করে। স্কুল টেস্টে মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে দুই হাজার টাকা জমা দিয়ে সবার সঙ্গে ফরমও পূরণ করে। কিন্তু এসএসসি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে গিয়ে জানতে পারে তার প্রবেশপত্র আসেনি। অন্য পরীক্ষার্থীরা প্রবেশপত্র পেয়েছে। তার অভিযোগ, "এসআইএফ (স্টুডেন্ট ইনফরমেশন ফরম) পূরণে শিক্ষকদের অবহেলার কারণে তার প্রবেশপত্র আসেনি।" স্কুলের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের বলেন, "কী কারণে তার প্রবেশপত্র আসেনি তা আমাদের বোধগম্য নয়। শিক্ষাবোর্ডেও তার কোনো কাগজপত্র পাওয়া যায়নি।" প্রিয়াংকার বাবা শংকর প্রসাদ বলেন, প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তাদের ভুল হয়েছে এবং এজন্য তিনি ক্ষমা চান। শংকর প্রসাদ এ ঘটনার তদন্ত এবং দায়ীদের বিচার দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৪ ঘ.