২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসিতে পরীক্ষার্থী বেড়েছে

এসএসসিতে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৭৫ হাজার। সংশ্লিষ্টরা বলছে, শিক্ষার্থী ঝরে পড়ার হার কমাই এ সংখ্যা বৃদ্ধির কারণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 08:50 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসিতে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৭৫ হাজার। সংশ্লিষ্টরা বলছে, শিক্ষার্থী ঝরে পড়ার হার কমাই এ সংখ্যা বৃদ্ধির কারণ। আগামী ১ ফেব্র"য়ারি থেকে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, দাখিল ও কারিগরী বোর্ডের অধীনে এসএসসি, দাখিল ও এসএসসি (ভকেশনাল) পরীক্ষা শুরু হচ্ছে। চলবে ১০ মার্চ পর্যন্ত। আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৯ লাখ ৯১ হাজার ৮৬০ জন। গত বছর এ সংখ্যা ছিলো ৯ লাখ ১৬ হাজার ১৮০ জন। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরী বোর্ডের অধীনে ১৩ লাখ ১৫ হাজার ২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। গতবছর এ সংখ্যা ছিলো ১২ লাখ ৬ হাজার ১৯ জন। গতবছরের তুলনায় এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় এক লাখেরও বেশি শিক্ষার্থী অংশ নেবে জানিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ফাহিমা খাতুন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থী ঝরে পড়ার হার কমায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সোমবার শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি। এ বছর ২ হাজার ১৮১ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দাখিল পরীক্ষায় অংশ নেবে ২ লাখ ৩৯ হাজার ৭১১ জন। এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেবে ৮৩ হাজার ৪৩১ জন পরীক্ষার্থী। অধ্যাপক ফাহিমা খাতুন জানান, এবার ঢাকা বোর্ডের অধীনে ৩ লাখ ৮ হাজার ৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। রাজশাহী বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৬৮৮ জন। কুমিল্লা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৪০০ জন। যশোর বোর্ডে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৬৩৮ জন। চট্টগ্রাম বোর্ডে ৭৬ হাজার ৯৫৯ জন, বরিশাল বোর্ডে ৬১ হাজার ৮২৮ জন। সিলেট বোর্ডে ৪৮ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী। দিনাজপুর বোর্ডে এক লাখ ২৫ হাজার ৯২২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার্থীরা যাতে বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখতে পারে সে অনুযায়ী এ বছর পরীক্ষার রুটিন তৈরি করা হয়েছে। বাংলাদেশের ভেন্যুতে অনুষ্ঠেয় খেলার দিন ও পরদিন কোনো পরীক্ষা রাখা হয়নি। ১৯ ফেব্র"য়ারি বাংলাদেশে শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের বসচেয়ে বড় আসর। উদ্বোধনী খেলা হবে ঢাকায়। এই প্রথম এ আয়োজনে স্বাগতিক দেশের কাতারে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/এমআই/১৪৫০ ঘ.