নাটোর, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিগ্রি (পাস) পরীক্ষার ফল নিয়ে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দুটি কলেজে শনিবার তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
শনিবার জামনগর ডিগ্রি কলেজে ও বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে।
জামনগর ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ জানায়, চলতি বছর এ কলেজ থেকে ৩০ জন শিক্ষার্থী ডিগ্রী (পাস) শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় ভূগোল বিষয়ের ব্যাবহারিক পরীক্ষার নম্বর পত্রে কেন্দ্র কোড না লেখায় জাতীয় বিশ্ববিদ্যালয় ১৭ জনের ফল স্থগিত করে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ফল স্থগিতের বিষয়টি দেখে শিক্ষার্থী ও অভিভাবকরা শনিবার সকাল ১১টার দিকে কলেজ চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা অফিস কক্ষসহ সব শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেয়।
ফল স্থগিত হওয়া পরীক্ষার্থী হাসান আলী বলেন, "শিক্ষকরা ভুল করে নম্বরপত্রে কেন্দ্র কোড দেননি। এখন সাধারণ শিক্ষার্থীদের এর খেসারত দিতে হবে কেন?"
জামনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, "ভূগোল বিষয়ে নম্বর পত্রে কেন্দ্র কোড দিতে ভুল হওয়ায় ১৭ জনের ফল স্থগিত রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিষয়টি অবহিত করা হয়েছে।"
কলেজের পরিচালনা পর্ষদ ও শিক্ষক মণ্ডলী ছাত্রদের বুঝিয়ে তালা খোলানোর চেষ্টা করছেন বলে অধ্যক্ষ জানান।
অপরদিকে ডিগ্রি পরীক্ষার ফলাফলে বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজের ৩৭ জন ছাত্রীকে মনোবিজ্ঞান বিষয়ে অকৃতকার্য দেখানোয় কলেজে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্রীরা।
অধ্যক্ষ ডক্টর মো. নূরুল ইসলাম বলেন, ওই বিষয়ের নম্বরপত্রে কোড লিখতে ভুল হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভুলবশত ৩৭ জনকে অকৃতকার্য দেখিয়েছে। বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়কে জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভুল সংশোধান করে শিগগিরই ফল ঘোষণা করবে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২০৩৯ ঘ.
bdnews24