চট্টগ্রাম, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) ২০১১-২০১২ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর মেহেদীবাগে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন শিক্ষাবর্ষে এক্সেস একাডেমি এবং পাঁচটি বিষয়ে ছাত্রী ভর্তি করানো হবে।
এইউডব্লিউ'র ডিরেক্টর অব অ্যাডমিশন রেহানা খান সংবাদ সম্মেলনে বলেন, "এশিয়ার ১০০ জন ছাত্রী পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।"
এর মধ্যে বাংলাদেশ থেকে কমপক্ষে ২৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে বলে জানান তিনি।
রেহানা খান জানান, এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর প্রাপ্তরা ১২ ফেব্র"য়ারি পর্যন্ত বিনামূল্যে ফরম সংগ্রহ করে তা জমা দিতে পারবে। ভর্তি পরীক্ষা হবে মার্চে।
ভর্তি পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর প্রাপ্তরা এক্সেস অ্যাকাডেমি প্রোগ্রাম এবং ৭০ শতাংশ নম্বর পেলে পাঁচ বিষয়ে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির যোগ্য বিবেচিত হবে।
বিষয়গুলো হল- এশিয়ান স্টাডিজ, পাবলিক হেলথ, পলিটিকাল ফিলোসফি এন্ড ইকোনমিক্স, বায়োলজিক্যাল সায়েন্স ও এনভায়রনমেন্টাল সায়েন্স।
২০০৮ সালে নগরীর মেহেদীবাগে এমএম আলী রোডের অস্থায়ী ক্যাম্পাসে ১২৯ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। বর্তমানে নেপাল, ভুটান, পাকিস্তান, চীন, মিয়ানমারসহ এশিয়ার ১২টি দেশের ৪০৩ জন ছাত্রী এ বিশ্ববিদ্যালয়ে লোখাপড়া করছে।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে জানান, ২০১৩ সালের মধ্যে নগরীর ছলিমপুরে এইউডব্লিউ'র নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/জেকে/১৯০৮ ঘ.
bdnews24