২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষানীতি বাস্তবায়নে ২৪টি 'সাব কমিটি

শিক্ষানীতি বাস্তবায়নে গঠিত মূল কমিটির অধীনে ২৪টি সাব কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 01:08 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষানীতি বাস্তবায়নে গঠিত মূল কমিটির অধীনে ২৪টি সাব কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এ কথা জানান। সভায় জানানো হয়, এসব সাব কমিটির মধ্যে শিক্ষা আইন প্রণয়ন কমিটি আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন দেবে। বাকি সাব কমিটিগুলো তাদের প্রতিবেদন দেবে দুই মাসের মধ্যে। সাব কমিটিগুলোর মধ্যে শিক্ষা আইন কমিটি, শিক্ষা কমিশন কমিটি, মাধ্যমিক শিক্ষায় সমস্যা দূরীকরণ, প্রাথমিক শিক্ষা সমস্যা দূরীকরণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা আধুনিকায়ন কমিটি, পাঠ্যপুস্তক আধুনিকীকরণ কমিটি, উচ্চ শিক্ষা মান উন্নয়ন ও পাবলিক বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন কমিটি, নিরক্ষরতা দূরীকরণে কমিটি ও শিক্ষক নিয়োগে আলাদা কমিশন গঠনে কমিটি উল্লেখযোগ্য। গত বছরের ৭ এপ্রিল জাতীয় শিক্ষানীতি প্রণয়নের জন্য অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে জাতীয় কমিটি করে সরকার। ৯ অক্টোবর নবম সংসদে ষষ্ঠ অধিবেশনে শিক্ষামন্ত্রী এই শিক্ষানীতি উত্থাপন করেন। গত ৭ ডিসেম্বর জাতীয় সংসদে জাতীয় শিক্ষানীতি পাস হয়। পরে এই নীতি বাস্তবায়নে একটি কমিটি করে সরকার। বুধবারের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, "শিক্ষানীতি বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জ ও কর্ম কৌশল নির্ধারণে কাজ করবে এ সাব কমিটিগুলো। সচিব, যুগ্মসচিব, অতিরিক্তসচিব ও উপসচিব পর্যায়ের কর্মকর্তারা এসব কমিটিতে দায়িত্ব পালন করবেন।" সাব কমিটিগুলোর কাজের অগ্রগতি তদারক করবেন ড. মুহম্মদ জাফর ইকবাল ও শিক্ষা সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী। মন্ত্রী বলেন, "এখানে কিছু স্বল্পমেয়াদী এবং কিছু দীর্ঘ মেয়াদী কাজ রয়েছে। তাই শিক্ষা আইন কমিটির প্রতিবেদন জমা দিতে ৩ মাস সময় দেওয়া হয়েছে।" শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো করার প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, "মেধাবীরা যাতে শিক্ষকতা পেশায় আসতে উৎসাহিত হয় এবং সম্মানজনক অবস্থায় থাকতে পারে সেজন্য বেতন কাঠামো পরিবর্তনেরও চিন্তা করা হচ্ছে।" শিক্ষক নিয়োগের ব্যাপারে আলাদা কর্মকমিশন গঠনের চিন্তা করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, "সরকারি কর্ম কমিশনের আদলে আলাদা কমিশন গঠন করে শিক্ষক নিয়োগ করা যায় কি না- তাও ভেবে দেখা হচ্ছে।" সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে হলে আইনের দ্বারা স্বীকৃত বিধিবিধান অনুয়ারী অনুমতি নিতে হবে। তা না হলে সরকার কঠোর ব্যবস্থায় যাবে। শিক্ষানীতি বাস্তবায়নে অনেক অর্থ প্রয়োজন উল্লেখ করে এ জন্য সরকারের কাছ থেকে 'বিশেষ থোক বরাদ্দ' দেওয়ার অনুরোধ করা হবে বলে শিক্ষামন্ত্রী জানান। ঝরে পড়া রোধে গরিব ও দরিদ্র শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনতে দুপুরের খাবার দেওয়া অব্যাহত রাখা হবে বলেও আশ্বাস দেন তিনি। শিক্ষা সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৯০৮ ঘ.