২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ছাত্রলীগ নেতার হাতে কুবি শিক্ষক লাঞ্ছিত'

পরীক্ষায় নম্বর কম দেওয়ায় ছাত্রলীগ নেতা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 03:16 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

কুমিল্লা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরীক্ষায় নম্বর কম দেওয়ায় ছাত্রলীগ নেতা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে শিক্ষকরা মঙ্গলবার ক্লাস বা পরীক্ষা নেননি। এদিকে ছাত্রলীগের একটি অংশ বিভিন্ন দাবিতে ক্যাম্পাসে ধর্মঘট করেছে। তাই এদিন বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস বা পরীক্ষা হয়নি। লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র মো. ইলিয়াস হোসেন একটি বিষয়ে নম্বর কম পাওয়ায় একদল ছেলে নিয়ে ওই বিভাগের প্রভাষক মশিউর রহমানের বাসায় হামলা চালান। তাকে গালাগাল দেন এবং অপহরণের চেষ্টা করেন। উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন খানের সভাপতিত্বে মঙ্গলবার শিক্ষকদের সভায় বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। অর্থনীতি বিভাগের শিক্ষক জাকির সাইদুল্ল্যার নেতৃত্বে ছয় সদস্যের কমিটিতে রয়েছেন- বাংলা বিভাগের প্রধান ড. জি এম মনিরুজ্জামান, রসায়ন বিজ্ঞান বিভাগের প্রধান ড. আবুল খায়ের মো. রায়হান উদ্দিন, সহকারী প্রক্টর মোসাদ্দেক হোসেন, তোফায়েল হোসেন মজুমদার ও রাশিদুল ইসলাম শেখ রকি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগে মশিউর রহমান বলেন, সোমবার বিকাল সাড়ে ৩টায় বহিরাগত ১৫/২০ জনকে সঙ্গে নিয়ে তার কোটবাড়ীর রামপুরের ভাড়া বাসায় যান ইলিয়াস হোসেন। তারা শিক্ষকের বাসার দরজায় লাথি মারে এবং তাকে বের হতে বলে। মশিউর রহমান দরজা খুললে ইলিয়াস ও তার সঙ্গীরা অকথ্য ভাষায় গালাগাল দেয়। এক পর্যায়ে তাকে অপহরণের চেষ্টা করলে মশিউর রহমান বাসায় ঢুকে দরজা বন্ধ করে দেন। এরপর তারা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যায়। ছাত্রলীগ নেতা মো. ইলিয়াস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই স্যার জামায়াতে ইসলামী করেন। বিশ্ববিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে নানা কর্মসূচি নিয়ে এবং বিরোধের জেরে তিনি আমাকে নম্বর কম দেন। আমি যত ভালো পরীক্ষাই দেই তিনি আমাকে নম্বর কম দেন। "এ ব্যাপারে কথা বলতে আমি তার বাসায় গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। আমি স্যারকে মারতে যাবো কেন?" মশিউর রহমান বলেন, "সে আমার কাছে এসে বলে রাজনীতি করি পড়ার সময় নাই আমাকে মার্ক বেশি দিতে হবে।" এদিকে বর্ধিত সেমিস্টার ফি প্রত্যাহার, হল ফি মাসিক ৩০ টাকা করা ও ক্যাম্পাসে শহীদ মিনার স্থাপনসহ বিভিন্ন দাবিতে ছাত্রলীগের একাংশ মঙ্গলবার ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে। তাদের অন্য দাবিগুলো হল নতুন মান উন্নয়ন নীতিমালা প্রত্যাহার, কেন্দ্রীয় ক্যাফটেরিয়া ও মসজিদ চালু, আবাসিক শিক্ষার্থীদের চিকিৎসার সকল সুযোগ নিশ্চিত করা, ইন কোর্সের নম্বর ৪০ বহাল রাখা, বিশ্ববিদ্যালয়ে নাম ফলকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় লিখা, শহীদদের স্মৃতি রক্ষার্থে ভাস্কর্য নির্মাণ করা, খেলা মাঠ নির্মাণ করা ও ক্যাম্পাসে ব্যাংক বুথের ব্যবস্থা করা। সকাল ৮টা থেকে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করে। তারা প্রশাসনিক ভবনে ভাংচুরও করে। এরপর তারা উপাচার্যকে স্মারকলিপি দেয়। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু'টি অংশের মধ্যে মাহমুদুর রহমান মাসুম ও আল আমিন অর্নবের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। ইলিয়াস হোসেনও এই অংশের নেতা। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই। মাহমুদুর রহমান মাসুম ও আল আমিন অর্নব সাংবাদিকদের বলেন, বিশ্বদ্যিালয়ের সব সুযোগসুবিধা নিশ্চিত না করলে আন্দোলন অব্যাহত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.