ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় শিক্ষক মামুনুর রশিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে স্বপ্রণোদিত আদেশ দিয়েছে হাইকোর্ট।
সেইসঙ্গে ওই শিক্ষককে আগামী ৩ ফেব্র"য়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
আদালত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপারিচালককে তার এখতিয়ারের মধ্যে ওই শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বলেছে।
এছাড়া ওই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সুলতান মাহমুদকে পরীক্ষা করে আগামী দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একইসঙ্গে ওই শিক্ষকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না- আগামী দুই সপ্তাহের মধ্যে বগুড়া নামুজা ভাণ্ডরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় কমিটি, বগুড়ার পুলিশ সুপার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, থানা নির্বাহী কর্মকর্তা, থানা শিক্ষা কর্মকর্তা এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে তার কারণ জানাতে বলা হয়েছে।
সোমবার বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মো. রেজাউল হাসানের বেঞ্চ দৈনিক যুগান্তরে প্রকাশিত 'বগুড়ায় পাষণ্ড শিক্ষকের পিটুনিতে রক্তাক্ত ছাত্র' শিরোনামে প্রকাশিত প্রতিবেদন দেখে স্বপ্রণোদিত হয়ে এসব আদেশ দেয়।
সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বগুড়ার এক শিক্ষক মামুনুর রশিদ ক্লাসে হইচই করার অপরাধে সুলতান মাহমুদ নামের প্রথম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত করেন।
এর আগে গত ১৩ জানুয়ারি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি দেওয়ার নামে নির্যাতনকে সংবিধান পরিপন্থী ঘোষণা করে হাইকোর্ট।
পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধে প্রণীত গাইডলাইন চূড়ান্ত করে এর আলোকে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২১২৮ ঘ.
bdnews24