২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেষ্টা করেও নোটবই বন্ধ করা যাচ্ছে না: শিক্ষামন্ত্রী

নোটবইয়ের ব্যবহার বন্ধ করতে না পারার ব্যর্থতা স্বীকার করে এ ব্যাপারে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 01:28 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোটবইয়ের ব্যবহার বন্ধ করতে না পারার ব্যর্থতা স্বীকার করে এ ব্যাপারে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার ৪র্থ জাতীয় দেয়াল পত্রিকা উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, "আমরা চেষ্টা করেও এটা (নোটবই) বন্ধ করতে পারছি না। শিক্ষক এবং অভিভাবকরা এগিয়ে এলেই এটা বন্ধ করা সম্ভব হবে।" বাংলাদেশ দেয়াল পত্রিকা পরিষদ বাংলা একাডেমীতে তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে। দেয়াল পত্রিকাকে শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশের সর্বোত্তম মাধ্যম হিসেবে অভিহিত করে শিক্ষামন্ত্রী অনুষ্ঠানে আরো বলেন, "আমরা জাতীয় শিক্ষানীতিতে সৃজনশীলতার বিভিন্ন মাধ্যমকে সংযুক্ত করেছি। প্রয়োজন হলে দেয়াল পত্রিকার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হবে।" শ্রেনীকক্ষে পাঠদানের পাশাপাশি শিশুর সৃজনশীলতা বিকাশের উপায় সম্পর্কে শিক্ষা দিতে তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক ড. শামসুজ্জামান খান, পরিষদের সাধারণ সম্পাদক মোতাহার আখন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম। ড. শামসুজ্জামান বিশ্ববিদ্যালয়ের মানে উন্নীত না হওয়া পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন না দিতে শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, "আমাদের দেশে মাত্র দুই-তিনটি বিষয় নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলা হয়। 'বিশ্ববিদ্যালয় ধারণার' সঙ্গে এটা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। এগুলো কোচিং সেন্টারের প্রাতিষ্ঠানিকীরণ মাত্র।" উৎসবে সারাদেশের ৭১টি প্রতিষ্ঠান দু'শতাধিক দেয়াল পত্রিকা প্রদর্শন করে। লেখার মান ও শিল্পমান বিবেচনা করে এগুলোর মধ্য থেকে ১০টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/কেএমএস/১৯১১ ঘ.