খুলনা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১০-২০১১ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য ৯১৪টি আসনের বিপরীতে ভর্তিচ্ছুর সংখ্যা ২২ হাজার ১০৫।
আসন প্রতি গড় প্রতিদ্বন্দ্বী ২৪ জনেরও বেশী।
আগামী ১৭, ১৮ এবং ১৯ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খুলনা বিশ্বদ্যিালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক এস এম আতিয়ার রহমান জানান, পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১৭ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের এবং একই দিন বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৮ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জীব বিজ্ঞান স্কুলে এবং একই দিন দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগামী ১৯জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে সমাজ বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা। একই দিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কলা ও মানবিক স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রোল নম্বর ১ থেকে ৩৫০০পর্যন্ত আসন বিন্যাস করা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। রোল নং ৩৫০১ থেকে অবশিষ্ট পরীক্ষার্থীর ভর্তি পরীক্ষা খানজাহান আলী রোডে খুলনা সিটি কর্পোরেশন উইমেন্স কলেজ (খুলনা কলেজিয়েট গার্লস স্কুল) উপ-কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যায়ের www.ku.ac.bd ওয়েব সাইটে পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৫৪ ঘ.
bdnews24