রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের ওপর হামলায় জড়িত সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ক্যাম্পাস থেকে ছাত্রলীগ কর্মীরা তাকে আটক করে পুলিশে দেয়।
আটক মোস্তাফিজুর রহমান ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
গত বছরের ৮ ফেব্র"য়ারি রাতে সরকার সমর্থক ছাত্রলীগের সঙ্গে শিবিরের সংঘর্ষে ছাত্রলীগের এক কর্মী নিহত হয়। পরদিন এসএম হলের ম্যানহোল থেকে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেনের লাশ উদ্ধার করা হয়।
সংঘর্ষের সময় শিবিরকর্মীরা হলে হলে অগ্নিসংযোগ, ভাংচুর ও ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
এসব ঘটনায় মতিহার থানায় ১৪টি মামলা হয়েছে। এসব মামলায় রাজশাহীতে জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মতিহার থানার ওসি আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোস্তাফিজুরকে থানায় জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৫৫ ঘ.
bdnews24