গাজীপুর, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপাচার্যের পদত্যাগসহ ১৭ দফা দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একদল কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ-সমাবেশ করেছে।
'চাকরি রক্ষা কমিটি'র ব্যানারে সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী বুধবার গাজীপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
তারা সকাল ১১টার দিকে কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ মিছিল বের করে। দুপুরে বিশ্ববিদ্যালয় একাডেমিক চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ব্যাপারে ক্ষমতাসীন আওয়ামী লীগের গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হকের রিভিউ পিটিশনকে কেন্দ্র করে রোববারও বিক্ষোভ করেছে চাকরি রক্ষা কমিটি।
কমিটির আহ্বায়ক মো. নূরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত ১১০৫ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৪ সালে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ফজলে রাব্বী হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
২০০৬ সালের ২২ অগাস্ট হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেন।
কিন্তু গত ১৫ ডিসেম্বর সরকারি দলের সাংসদ মোজাম্মেল হক একটি রিভিউ পিটিশন দাখিল করেন।
বিক্ষোভকারী কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, বিগত জোট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত সহস্রাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে চাকরিচ্যুত করার ষড়যন্ত্র চলছে।
জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া ২৩০ জন কর্মকর্তা-কর্মচারীকে কর্তৃপক্ষ ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়াসহ চাকরিচ্যুত করার নানা প্রক্রিয়া চালাচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
চাকরি রক্ষা কমিটির নেতারা রোববার উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দেয়। তাতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি দাবি করে বিক্ষোভকারীরা উপাচার্যের পদত্যাগ দাবি করে।
চাকরি রক্ষা কমিটির আহবায়ক নুরুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- কমিটির সদস্য সচিব মিয়া হোসেন রানা, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. এনামুল করিম, সেক্রেটারি নাজিম উদ্দিন আহম্মদ শিশির, উপ-রেজিস্ট্রার জুলফিকার মাহমুদ, আতাউর রহমান।
বিক্ষোভ চলাকালে দুপুর ২টা পর্যন্ত আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরুদ্ধ করে রাখে। ক্যাম্পাসে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে কর্মকর্তা-কর্মচারীরা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৮৫২ ঘ.
bdnews24