২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ছাত্রলীগকর্মী অস্ত্রসহ গ্রেপ্তার পুঠিয়ায়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক কর্মীকে পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 07:01 AM

Updated : 24 Aug 2022, 02:14 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক কর্মীকে পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে পুঠিয়া থানার বানেশ্বর বেলপুকুর এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে সেলিম রেজা নামে অন্য এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে একটি পিস্তল এবং তিন রাউন্ড গুলি পাওয়া গেছে বলে পুঠিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম হোসেন জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আসাদুজ্জামান ও সেলিম মটর সাইকেলে চড়ে রাজশাহী নগরী থেকে পুঠিয়ার দিকে যাচ্ছিলেন। "বেলপুকুর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে পবা থানা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশ মটর সাইকেল থামিয়ে তল্লাশি করে। ওই সময় তাদের কাছে পিস্তল ও গুলি পাওয়া যায়", বলেন তিনি। আসাদুজ্জামান যশোরের অভয়নগর থানার পাইকড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে এবং সেলিম রাজশাহীর মতিহার থানার মাসকাটাদিঘী এলাকার আবদুর রহমানের ছেলে। দুজনকে রাতেই পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান শামীম হোসেন। এ ঘটনায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩০০ ঘ.