ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতটি বিভাগের ৩১টি ফাযিল ও কামিল মাদ্রাসায় ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে চার বছর মেয়াদি ফাযিল (স্নাতক) কোর্স চালু করতে যাচ্ছে সরকার।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে এ স্নাতক কোর্স চালু হচ্ছে। বৃহস্পতিবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে কোর্স চালুর অনুমতি পাওয়া মাদ্রাসাগুলোর অধ্যক্ষদের হাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনুমতিপত্র তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মাদ্রাসার শিক্ষার্থীরা বর্তমানে তিন বছর মেয়াদি ফাযিল (স্নাতক) কোর্সে পড়ালেখা করছেন।
ঢাকা বোর্ডের সাতটি মাদ্রাসা, সিলেটের তিনটি, চট্টগ্রামের ১০টি, বরিশালের একটি, খুলনার দুটি, রাজশাহীর ছয়টি এবং রংপুর বিভাগের দুটি মাদ্রাসায় এ কোর্স চালুর অনুমতি দেওয়া হয়েছে। এসব মাদ্রাসাকে শর্তপূরণ সাপেক্ষে অনুমতি দেওয়া হয়।
প্রাথমিকভাবে পাঁচটি বিষয় নিয়ে এ কোর্স চালু হবে। প্রতি বিভাগে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।
বিষয়গুলো হলো- আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং আরবী ভাষা ও সংস্কৃতি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম অনুযায়ী এসব কোর্সে পাঠদান করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, "মাদ্রাসা শিক্ষাকে জঙ্গিবাদের পথপ্রদর্শক মনে করা হয়। কিন্তু তা সত্যি না। বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার এ শিক্ষার প্রতি অবিচার করেছে। এর প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।"
বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে এক হাজার ১১৪টি ফাযিল (স্নাতক) ও ১৯৭টি কামিলসহ (স্নাতকোত্তর) মোট এক হাজার ৩১১টি মাদ্রাসা অধিভুক্ত আছে।
এসব মাদ্রাসায় মোট শিক্ষার্থী এক লাখ ৮৭ হাজার ৯৫৬ জন। এরমধ্যে ফাযিলে শিক্ষার্থী এক লাখ ২৯ হাজার ৪২৬ জন এবং কামিলে ৫৮ হাজার ৫৩০ জন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমানুর রশীদ, নায়েম মহাপরিচালক শামসুর রহমান এবং কারিগরী ও মাদ্রাসা বিভাগের যুগ্ম-সচিব কে এম মোজাম্মেল বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএনএস/পিডি/২৩৪০ ঘ.
bdnews24