২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্ততা: উপাচার্যকে রাবি ছাত্রীদের স্মারকলিপি

ছাত্রলীগকর্মী ও বহিরাগতদের হাতে উত্ত্যক্ততা থেকে রক্ষার পদক্ষেপ নিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আবাসিক হলের ছাত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2010, 01:22 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগকর্মী ও বহিরাগতদের হাতে উত্ত্যক্ততা থেকে রক্ষার পদক্ষেপ নিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আবাসিক হলের ছাত্রীরা। বেগম খালেদা জিয়া হলের ছাত্রীরা বুধবার উপাচার্যের কার্যালয়সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. চোধুরী মুহম্মদ জাকারিয়া বলেন, "ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ক্যাম্পাসে যত্রতত্র মোটর সাইকেল যেন চলতে না পারে সে বিষয়ে অভিযান চালানো হচ্ছে।" স্মারকলিপিতে বলা হয়, খালেদা জিয়া হলের পাশের রাস্তা থেকে ওই হলের দক্ষিণ-পশ্চিম ব্লকের ছাত্রীদের লক্ষ্য করে প্রায়ই অশ্লীল কথা বলা হয়। বিশেষ করে সন্ধ্যার পর মোটর সাইকেল নিয়ে কিছু ছেলে রাস্তা দিয়ে চলাচলের সময় মেয়েদের উদ্দেশে বিভিন্ন অশোভন কথা-বার্তা বলে। অনেক সময় ছাত্রীদের নাম ধরে ডাকাডাকির পর কটুক্তি করা হয় বলেও স্মারকলিপিতে বলা হয়। এছাড়া ক্যাম্পাসে চলাচলের সময়ও তারা উত্ত্যক্তার হাত থেকে রক্ষা পায় না। নামপ্রকাশ না করার শর্তে খালেদা জিয়া হলের একাধিক আবাসিক ছাত্রী জানান, এসব ঘটনায় জড়িতদের বেশিরভাগই ছাত্রলীগকর্মী ও বহিরাগত। বিশ্ববিদ্যালয় প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন করা হবে বলে সতর্ক করেন ছাত্রীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৭১৬ ঘ.