রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে।
টেলিটক মোবাইলের মাধ্যমে এ পদ্ধতিতে রেজিস্ট্রেশন করার শেষ দিন ১১ অক্টোবর।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইলের মাধ্যমে ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন করতে টেলিটক ব্যবহারকারীদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে ইংরেজি বড় হাতের অক্ষরে RU লিখে স্পেস দিয়ে এইচএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে।
এর পরে এইচএসসি পরীক্ষার রোল নম্বর, এইচএসসি পাশের সাল, এসএসসি শিক্ষাবোর্ডের প্রথম তিনটি অক্ষর, এসএসসি পরীক্ষার রোল, এসএসসির পাশের সাল এবং কাঙ্খিত 'ক্লাস্টার' বা গুচ্ছের নাম লিখতে হবে। লেখার সময় প্রতিটি তথ্যের মাঝে একটি করে 'স্পেস' দিতে হবে।
তথ্যসমূহ সঠিকভাবে লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এরপরে আবেদনকারীকে ফিরতি এসএমএসের মাধ্যমে একটি 'পিন কোড' দেওয়া হবে।
পিন কোড পাওয়ার পর মেসেজ অপশনে গিয়ে RU লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে প্রাপ্ত পিন কোড লিখে আবারো ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এরপর ফিরতি এসএমএসে পরীক্ষার্থীকে তার ভর্তি পরীক্ষার রোল নম্বর জানিয়ে দেওয়া হবে।
এ পদ্ধতিতে রেজিস্ট্রেশনকারী পরীক্ষার্থীকে পরীক্ষার হলে এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড ও কার্ডের দুইটি ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে।
এবারের ভর্তি পরীক্ষায় আটটি অনুষদের অধীনে মোট ১৭টি গুচ্ছে পরীক্ষা নেওয়া হবে। প্রতি গুচ্ছে আবেদনপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা থেকে ৩৫০ টাকা পর্যন্ত।
একটি গুচ্ছের জন্য জন্য ১৫০ টাকা এবং পরবর্তী প্রতি গুচ্ছের জন্য অতিরিক্ত পঞ্চাশ টাকা করে দিতে হবে। এছাড়া পরীক্ষার ফরমের মূল্যের সঙ্গে ১৫ শতাংশ দিতে হবে।
ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তীতে পত্রিকার বিজ্ঞপ্তি ও রাবির ওয়েবসাইটিwww.ru.ac.bd-তে প্রকাশ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/বিবি/কিউএইচ/১৫১০ ঘ.
bdnews24