ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা সমাপনী পরীক্ষার মাধ্যমে দেওয়া প্রাথমিক বৃত্তির সংখ্যা আগের থেকে আরো ১০ শতাংশ বাড়ানো হয়েছে।
২০০৯ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার অংশ নিয়ে ২০১০ সালের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ক্ষেত্রেও এ সংখ্যা বাড়বে। ফলে ইতোপূর্বে নির্বাচিত ৫০ হাজার শিক্ষার্থীর স্থানে ৫৫ হাজার শিক্ষার্থী এ বৃত্তি সুবিধা পাবে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আগেই বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। তবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য প্রায় নয় মাস পরে এ সিদ্ধান্ত ঘোষণা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, শুধু ১০ শতাংশই নয়, মন্ত্রণালয় থেকে বৃত্তির সংখ্যা দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছিলো। কিন্তু অর্থ মন্ত্রণালয় তা অনুমোদন করেনি।
অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এ সংখ্যা দ্বিগুণ করা হবে, বলেন মোতাহার।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ভিত্তিতে ট্যালেন্টপুল (মেধা বৃত্তি) ও সাধারণ বৃত্তি কোটায় ২০১০ সালে ৫০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। নতুন সিদ্ধান্তের ফলে এ সংখ্যা আরো পাঁচ হাজার বেড়ে ৫৫ হাজার হলো।
দু'টি কোটায় প্রাথমিক বৃত্তি ১০ শতাংশ বাড়ানোর কারণে কারণে সরকারের ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা অতিরিক্ত ব্যয় হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা অধিদপ্তরের জন্য বরাদ্দ করা চলতি বাজেটের অর্থ থেকেই এ টাকা ব্যয় করার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
১০ শতাংশ বৃদ্ধির কারণে ট্যালেন্টপুলে ২২ হাজার ও সাধারণ কোটায় ৩৩ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। আগে এ সংখ্যা ছিলো যথাক্রমে ২০ হাজার ও ৩০ হাজার।
ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া একজন শিক্ষার্থী প্রতিবছর ২ হাজার ৫৫০ টাকা ও সাধারণ কোটায় ১ হাজার ৯৫০ টাকা পেয়ে থাকে।
চলতি বছরের ২৩ নভেম্বর শুরু হয়ে ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭২৯ ঘ.
bdnews24