২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোরগোল তুলে সাংসদরা বললেন, এসেছিলাম সহানুভূতি জানাতে

প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে এবার মন্ত্রণালয়ে সরকারদলীয় একদল সংসদ সদস্যের রোষের স্বীকার হয়েছেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 12:50 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে এবার মন্ত্রণালয়ে সরকারদলীয় একদল সংসদ সদস্যের রোষের স্বীকার হয়েছেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। তবে সংসদ সদস্যরা বলছেন, তারা সোমবারের ঘটনা নিয়ে প্রতিমন্ত্রীকে সহানুভূতি জানাতে গিয়েছিলেন। যদিও মন্ত্রীর কক্ষের বাইরে থেকে শোনা যাচ্ছিলো সংসদ সদস্যদের শোরগোল, তাদের আক্রমণের লক্ষ্য ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী। মন্ত্রী এ বিষয়ে কিছু না বললেও প্রতিমন্ত্রী মোতাহার হোসেন সোমবারের ঘটনাটিকেও অতিরঞ্জিত বলে দাবি করেন। মঙ্গলবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নিজেদের দেওয়া তালিকা অনুযায়ী নিয়োগ না হওয়ায় সোমবার প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীকে সংসদ ভবনেই লাঞ্ছিত করেন সরকারদলীয় কয়েকজন সংসদ সদস্য। মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রীর কক্ষে ঢোকেন প্রায় ২০ জন সংসদ সদস্য। ঢোকার পরই উচ্চ কণ্ঠে সংসদ সদস্যদের কথা শোনা যেতে থাকে। এর কিছু সময় পর সোয়া ১টার দিকে আরো কয়েকজন সংসদ সদস্য ঢোকেন মন্ত্রীর কক্ষে। তারা ঢোকার পরও বাইরে থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীকে লক্ষ করে সংসদ সদস্যদের আক্রমণাত্মক বাক্য শোনা যেতে থাকে। দুপুর দেড়টার দিকে সব সংসদ সদস্য একসঙ্গে বেরিয়ে আসেন মন্ত্রীর কক্ষ থেকে। তাদের মধ্যে ছিলেন শামসুল হক চৌধুরী, রুহুল আমিন হাওলাদার, আনোয়ারুল আশরাফ খান, আলী আজগর টগর, শফিকুল আজম খান চঞ্চল, কবিরুল হক মুক্তি, আতিউর রহমান আতিক, সুলতানা তরুণ, আসমা জেরিন ঝুমু, মনোরঞ্জন শীল গোপাল, সালেহা মোশাররফ প্রমুখ। শিক্ষক নিয়োগ নিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন কিনা- জানতে চাইলে আলী আজগর বলেন, "না"। শামসুল হক বলেন, সোমবার সংসদের ঘটনা নিয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে দেখা করতে এসেছেন তারা। তিনি বলেন, "পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সত্য নয়। কাল সংসদে আমরা মন্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করিনি, ঝগড়া করিনি। আমরা আজ তাকে সহানুভূতি জানাতে এসেছি।" নিয়োগের জন্য তালিকা দেওয়ার কথা স্বীকার করে শামসুল হক বলেন, "নিয়োগের ক্ষেত্রে বেআইনি কিছু হোক আমরাও চাই না। আমরা সাধারণ কোটায় নিয়োগের জন্য তালিকা দিইনি। মুক্তিযোদ্ধা, পোষ্য, প্রতিবন্ধী কোটায় নিয়োগের জন্য আমরা তালিকা দিতে পারি, তাই আমরা দিয়েছি।" সংসদ সদস্যরা ঢোকার পর মন্ত্রী আফসারুল আমীন একবার শুধু আরো কিছু চেয়ার দেওয়ার জন্য কর্মচারীদের বলতে কক্ষের বাইরে বেরিয়েছিলেন। তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি তিনি। সংসদ সদস্যরা চলে যাওয়ার পর প্রতিমন্ত্রী মোতাহার সাংবাদিকদের বলেন, মন্ত্রীকে লাঞ্ছিত করার ঘটনা 'ডাহা মিথ্যা'। তিনি বলেন, "বলা হয়েছে, লিটন চৌধুরী (সংসদ সদস্য) মন্ত্রীকে উদ্ধার করেছেন। তিনি তো দেশেই নেই।" প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবার পুরোপুরি স্বচ্ছতা বজায় রাখা হয়েছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী। মুক্তিযোদ্ধা কোটায় এবার ১০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা ছিলো জানিয়ে মোতাহার বলেন, "এর মধ্যে পাস করেছে সাড়ে ৬ হাজার জন। যাদের সার্টিফিকেট ঠিক ছিলো, তাদের নিয়োগ দেওয়া হয়েছে।" মুক্তিযোদ্ধা কোটায় বাকি সাড়ে তিন হাজার শিক্ষক নিয়োগের জন্য আবার পরীক্ষা নেওয়া হবে বলে জানান তিনি। সংসদ সদস্যদের তালিকার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, "তারা তালিকা দিতে পারেন। তবে যেহেতু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি স্বচ্ছতার সঙ্গে হয়েছে, সেহেতু তারা তালিকাই বা কেন দেন?" বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকরা নিয়োগ বেশি পেয়েছে বলে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, "লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা অনুযায়ী যোগ্যদের নিয়োগ দেওয়া হয়েছে। এখানে কে বিএনপি, কে জামায়াত- তা দেখা হয়নি।" প্রাথমিক শিক্ষক নিয়োগে চলতি বছরের ৮ জানুয়ারি লিখিত পরীক্ষায় ৮ লাখ ৭২ হাজার ৫৬৮ জন অংশ নেয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১ লাখ ৭০৭ জনের মৌখিক পরীক্ষা হয় গত জুন মাসে। তাতে উত্তীর্ণদের মধ্যে ৩২ হাজার জনকে নিয়োগ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১৮৪৫ ঘ.