২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমবিবিএস ফরম: ঢাকাতেই বিক্রি বেশি

মেডিকেল কলেজগুলোর এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ফরম বিক্রি সোমবার শুরু হয়েছে। ঢাকাতে বিক্রি বেশি হলেও অন্য স্থানে বিক্রি বেশ কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 04:03 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেল কলেজগুলোর এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ফরম বিক্রি সোমবার শুরু হয়েছে। ঢাকাতে বিক্রি বেশি হলেও অন্য স্থানে বিক্রি বেশ কম। এবারই প্রথম একসঙ্গে সরকারি-বেসরকারি কলেজগুলোর ভর্তি পরীক্ষা হচ্ছে। তবে ফরম বিক্রি শুরুর দিনে ঢাকা মেডিকেল কলেজে অনিয়ম ধরা পড়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর অনুসন্ধানে। ১৮টি সরকারি মেডিকেল কলেজের মাধ্যমে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফরম বিতরণ ৭ অক্টোবর পর্যন্ত চলবে। স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. খন্দকার মো. সিফায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে অনিয়ম রোধে এ বছর থেকে একই ভর্তি পরীক্ষার আওতায় ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফরম বিতরণ করা হচ্ছে শুধু সরকারি মেডিকেল কলেজগুলোতে। তিনি বলেন, "শিক্ষার্থীদের মধ্যে প্রথম সারির বেসরকারি মেডিকেল কলেজগুলোতে অধিক টাকার বিনিময়ে ভর্তির যে প্রবণতা তা রোধ করতেই মেধাক্রম অনুযায়ী বেসরকারি কলেজেও ভর্তির এ নিয়ম চালু করা হয়েছে।" কীসের ভিত্তিতে বেসরকারি কলেজে শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী ভর্তি করানো হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "বেসরকারি মেডিকেল কলেজের কোনো র‌্যাঙ্কিং নেই। তবে, শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী কোন কলেজে তারা ভর্তি হতে চায়, সে বিষয়টিকে বিবেচনা করা হবে।" নিয়মানুযায়ী এ বছর একটি কলেজ মাত্র ৫ হাজার ফরম বিতরণ করতে পারবে বলে তিনি জানান। সোমবার ফরম বিক্রি শুরুর প্রথম দিনে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঁচ হাজার ফরম শেষ হওয়াতে সমস্যা সৃষ্টি হওয়ার কথা তিনি স্বীকার করেন। সিফায়েত উল্লাহ জানান, নতুন যশোর মেডিকেল কলেজেও এবার ৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ১৮টি সরকারি মেডিকেল কলেজে সর্বমোট আসন সংখ্যা ২ হাজার ৩১০টি। ৪৩টি বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৩ হাজার ৫৫০টি। প্রথম দিনেই প্রায় সাড়ে ১৯ হাজার ফরম বিক্রি হয়েছে। অধ্যাপক সিফায়েত উল্লাহ বলেন, "প্রথম সারির মেডিকেল কলেজগুলোতেই ফরমের জন্য বেশি ভিড় হয়। বেশিরভাগ শিক্ষার্থীরাই ঢাকায় কোচিং করে এবং সবাই এগুলোতেই ভর্তি হতে চায়। এর ফলে প্রথম দিনেই সোহরাওয়ার্দী, ঢাকা, সলিমুল্লাহ মেডিকেল কলেজগুলোতে ফরম বেশি বিক্রি হয়েছে।" প্রথম দিনে নির্ধারিত কোটা অনুযায়ী সোহরাওয়ার্দী কলেজের ফরম বিক্রি শেষ হয়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজে বিক্রি হয়েছে ৪৭০০, সলিমুল্লাহ মেডিকেল কলেজে ২ হাজার ২০০ ফরম বিক্রি হয়েছে। ঢাকার মেডিকেল কলেজগুলোর তুলনায় অন্য কলেজগুলোতে বিক্রি হয়েছে খুবই কম। ময়মনসিংহ মেডিকেল কলেজে ১ হাজার ১০০ এবং সর্বনিু কক্সবাজার মেডিকেল কলেজে ১৫টি ফরম বিক্রি হয়েছে। সরকারি মেডিকেল কলেজে গত বছর ২ হাজার ৩১০ সরকারি আসনের বিপরীতে ৩২ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলো। বেসরকারি মেডিকেল কলেজেগত বছর অংশ নিয়েছিল ৮ হাজার পরীক্ষার্থী। সে হিসেবে পরীক্ষার্থীর সংখ্যা এ বছর অর্ধলাখের কাছাকাছি যেতে পারে। ফলে বহু পরীক্ষার্থীকে ঢাকার বাইরে গিয়ে ফরম সংগ্রহ করতে হবে। নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার শিক্ষার্থীর জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। সে তালিকা ধরে ভর্তি করা হবে। এ বছর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে মুক্তিযোদ্ধা কোটায় আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শতকরা ২ ভাগ হিসেবে মোট ৪৭টি ও বেসরকারি মেডিকেল কলেজের প্রতিটিতে ২টি করে ৪৩ মেডিকেল কলেজে ৬৬টি আসন মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়া উপজাতিদের জন্য ২০টি সংরক্ষিত আসন থাকবে। সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে ২২ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টয় একশ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য িি.িফমযং.মড়া.নফ তে পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/২২০০ ঘ.