২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক্সক্লুসিভএমবিবিএস ভর্তি ফরম বিক্রিতে অনিয়ম

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফরম লাইনে দাঁড়িয়ে না মিললেও পাওয়া যাচ্ছে মেডিকেল কলেজের কর্মচারীদের কাছে। অনিয়মের এ চিত্র ধরা পড়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর অনুসন্ধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 01:18 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

শফিকুল ইসলাম মিলটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সকালে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফরম না পেয়ে ঢাকা মেডিকেল কলেজে ছুটে গেলেন সাবিহা সুলতানা। কিন্তু সেখানে গিয়েও শোনেন ফরম শেষ। তখন ঢাকা মেডিকেল কলেজের এক কর্মচারী অতিরিক্ত টাকার বিনিময়ে সাবিহাকে ফরম দিতে চাইলে তিনি ফরমের দাম ৫২০ টাকার সঙ্গে আরো ১০০ টাকা দিয়ে ফরম কেনেন। সাবিহা ফরম কিনতে গিয়েছিলেন তার ছোট বোনোর জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বললেন, "আমি তো শেষ মুহূর্তে মাত্র ১০০ টাকা বেশি দিয়ে ফরম পেয়েছি, অনেকের কাছ থেকে ৫০০/৬০০ থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত নিয়েছে মেডিকেল কলেজের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা।" সোমবার শুরু হয়েছে দেশের মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফরম বিক্রি। এবারই প্রথম সরকারির পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজগুলোর পরীক্ষাও একসঙ্গে হচ্ছে। দেশে ১৮টি সরকারি এবং ৪৩টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সব মিলিয়ে প্রথম বর্ষে মোট ভর্তি করা হবে সাড়ে ৫ হাজার জনকে। ৭ অক্টোবর পর্যন্ত প্রতিটি মেডিকেল কলেজ থেকে ৫ হাজার ফরম বিক্রির নোটিশ দেওয়া হলেও প্রথম দিনেই ৩ থেকে ৪ ঘণ্টা পরই কাউন্টার থেকে জানানো হয়, ফরম শেষ। ফলে সোমবার ভোর থেকে ঢাকা মেডিকেল কলেজ ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও ফরম পাননি অনেকে। যদিও পরে কর্মচারীদের কাছে ফরম কিনতে পাওয়া যায়। অনেকে জানান, তারা রোববার মধ্য রাত থেকে লাইনে দাঁড়িয়ে ফরম কিনেছেন। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ১১টার পর ফরম বিক্রি বন্ধ করে দেওয়া হয়। তখন সবাই ছুটে যান ঢাকা মেডিকেল কলেজে। সেখানেও একই পরিস্থিতি দেখেন তারা। ভর্তি ফরম নিয়ে অভিভাবকদের অভিযোগের সত্যতা মিললো ঢাকা মেডিকেল কলেজে ঢোকার পথেই। নিজেকে এমএলএসএস পরিচয় দিয়ে খুরশিদ আলম নামে এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকের কাছে এসে বলেন, "ফরম শেষ হয়ে গেছে, অতিরিক্ত টাকা দিলে একটি ফরম দেওয়া যেতে পারে।" ঢাকা মেডিকেল কলেজের অফিসে গিয়ে দেখা যায় উত্তেজিত একজন অভিভাবককে। ফরম না পেয়ে চিৎকার-চ্যাঁচামেচি করছিলেন তিনি। আর তাকে শান্ত করার চেষ্টা করছিলেন প্রধান স্বাস্থ্য সহকারী মো. মাহবুবুল হক। মঙ্গলবার ফরম দেওয়ার প্রতিশ্র"তি দিয়ে ওই মহিলার কাছ থেকে টাকা নেন মাহবুবুল। ওই সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক পরিচয় দিয়ে টাকার পরিমাণ জানতে চাইলে মাহবুবুল হক ওই অভিভাবকের সামনে টাকা ছুড়ে মারেন এবং ফরম দিতে অপারগতা প্রকাশ করেন। পরে ওই অভিভাবক ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে গিয়ে অভিযোগ করেন। অধ্যক্ষ তাকে মঙ্গলবার অধ্যক্ষের দপ্তর থেকে ফরম দেওয়ার আশ্বাস দেন। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী দীন মোহাম্মাদের কাছে ফরম বিক্রির অনিয়মের অভিযোগটি তুলে ধরলে তিনি প্রথমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সঙ্গে কথা বলথে চাননি। পরে তিনি বলেন, "আমরা ফরম বিতরণের প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করছি। এ বছর অন্য বছরের তুলনায় অনেক সুষ্ঠুভাবে ফরম বিতরণ করা হচ্ছে। আমার কাছে কোনো অনিয়মের অভিযোগ আসেনি।" সরেজমিনে পাওয়া তথ্য তাকে জানানোর পর তিনি বলেন, "আমি দেখছি কোনো অনিয়ম হচ্ছে না। আপনি যদি দেখে থাকেন সে বিষয়ে আমার কিছু বলার নেই।" ঢাকা মেডিকেল কলেজে বিক্রির জন্য আরো ৫ থেকে ৬শ ফরম রয়েছে বলে জানান অধ্যক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমআই/১৯০০ ঘ.