খুলনা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরীক্ষা পেছানো হবে না- এ ঘোষণা দেওয়ার একদিনের মধ্যেই আগের সিদ্ধান্ত থেকে সরে পরীক্ষা ১০ দিন পিছিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) প্রশাসন।
দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষা পেছাতে শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছিলো। শনিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট পরীক্ষা না পেছানোর সিদ্ধান্ত নিলে রাতে শিক্ষার্থীরা বিভিন্ন ভবনে ফের ভাংচুর চালায়।
এরপর রোববার একাডেমিক কাউন্সিলের সভায় নতুন করে পরীক্ষার সূচি তৈরি করার সিদ্ধান্ত হয়। শিক্ষার্থীরাও তা মেনে নিয়েছে।
উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমগীর সাংবাদিকদের জানান, পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার একাডেমিক কাউন্সিলের। কাউন্সিলের জরুরি সভায় সর্বসম্মতভাবে পরীক্ষা ১০ দিন পিছিয়ে দেওয়ার হয়।
২৩ সেপ্টেম্বর থেকে বিভিন্ন বিভাগের তিনটি বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো। তা পেছানোর দাবিতে শুক্রবার রাতে এবং শনিবার রাতে প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবন ভাংচুর এবং উপাচার্যকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩০ ঘ.
bdnews24