চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগের ধর্মঘট সত্ত্বেও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার সকাল ১১টায় পুলিশের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের একটি প্রশাসনিক ভবন ও দুটি একাডেমিক ভবনের তালা ভেঙে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কার্যক্রম শুরু করে।
শনিবার প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের ক্লাশ ও পরীক্ষা শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে ।
সংগঠনের নয়জন নেতাকর্মীকে বহিষ্কারসহ নানা মেয়াদে শাস্তি দেওয়ার প্রতিবাদে গত ২৯ অগাস্ট থেকে ছাত্রলীগ ক্যাম্পাসে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করে আসছে। তারা ওইদিনই ক্যাম্পাসের একটি প্রশাসনিক ভবন ও দুটি একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয়।
উপাচার্য ড. নীতিশ চন্দ্র দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা তালা খুলেছে। সব ধরণের প্রশাসনিক কার্যক্রম চলছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।
এর আগে শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা-কর্মীদের শাস্তি প্রত্যাহার ও উপাচার্যের পদত্যাগ দাবিতে ক্যাম্পাসে লাগাতর অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
গত ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদের পরিচালককে লািঞ্ছত করার অভিযোগে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক কমল কান্তি মজুমদারসহ নয় ছাত্রলীগ নেতা কর্মীকে শাস্তি দেওয়া হয়।
এর মধ্যে পাঁচজনকে আজীবন, একজনকে দুই বছরের জন্য, এক জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। এছাড়া তাদের জরিমানাও করা হয়।
এরপর উত্তেজনা দেখা দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ১ সেপ্টেম্বর থেকে ঈদের ছুটি ঘোষণা করে।
ছাত্রলীগের আহ্বায়ক কমল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের প্রহরায় জোর করে তিনটি ভবনের তালা ভেঙেছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। বাধা দিতে চাইলে পুলিশ আমাদের অবরুদ্ধ করে রাখে।
তবে তাদের কর্মসূচি চলছে বলে কমল জানান।
এদিকে খুলশী থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৬০ জন পুলিশ ক্যাম্পাসে অবস্থান করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/১৩৩০ ঘ.
bdnews24