চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে নাগরিক সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে 'বর্ধিত বেতন-ফি বিরোধী সাধারণ ছাত্র-ছাত্রী বৃন্দ'র ব্যানারে এ সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা শিগগির আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দাবি মেনে নেওয়ার আহবান জানান।
শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন প্রফেসর ইমেরিটাস ড. জামাল নজরুল ইসলাম, চবি ইতিহাস বিভাগের অধ্যাপক ড. হায়াত হোসেন, লেখিকা ফেরদৌস আরা আলীম, গণসংহতি আন্দোলনের নেতা হাসান মারুফ রুমী, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ফয়েজউল্লাহ, বাসদের সমন্বয়ক মানস নন্দী ও ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি।
গত ২ অগাস্ট বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ করে কর্তৃপক্ষ।
দেড়মাস বন্ধের পর শনিবার বিশ্ববিদ্যালয়টি খুলছে।
এর আগে বৃহস্পতিবার তিনটি ছাত্রীহলসহ নয়টি আবাসিক হল খুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার থেকে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএনএস/ডিডি/২২২৩ ঘ.
bdnews24