ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনলাইনে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
ঢাকা বিশ্বদ্যিালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইনে ভর্তির কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানান উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য ফি ৩০০ টাকা ও ব্যাংকের সার্ভিস চার্জ ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে আবেদনকারীর মোট খরচ হবে ৩২০ টাকা।
আবেদনপত্র বিতরণ ও জমা গ্রহণ চলবে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত।
ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার সৈয়দ রেজাউর রহমান প্রমুখ।
ইতোমধ্যে কয়েকটি জাতীয় পত্রিকায় ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এছাড়া ভর্তি সংক্রান্ত সব তথ্য admission.univdhaka.edu এই ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৪৫০ ঘ.
bdnews24