২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে নাসিমের খুনিদের বিচার দাবি বাবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী নাসরুল্লাহ্ নাসিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন নিহতের বাবা মো. মোসলেম উদ্দীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 04:08 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী নাসরুল্লাহ্ নাসিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন নিহতের বাবা মো. মোসলেম উদ্দীন। নাসিমকে দোতলা থেকে ফেলে দেয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন বৃহস্পতিবার উপাচার্যের কাছে জমা পড়েছে। বৃহস্পতিবারই নাসিমের বাবা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে দেখা করেন। এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন উপাচার্য। ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ইফতারের টোকেন বিতরণকে কেন্দ্র করে রাবি ছাত্রলীগের সভাপতি আওয়াল কবিরের সমর্থকরা সাধারণ সম্পাদকের সমর্থক নাসিমকে শাহ্ মখদুম হলের দোতলা থেকে ফেলে দেয়। ওই দিনই ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৩ অগাস্ট নাসিমের মৃত্যু হয়। কেন্দ্রীয় ছাত্রলীগ রাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককেও স্থায়ীভাবে বহিস্কার করে। নাসিমকে মারধর করে দোতলা থেকে ফেলে দেয়ার ঘটনায় ১৬ আগস্ট হল প্রশাসন একই হলের আবাসিক শিক্ষক রুহুল আমিনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে কমিটি মঙ্গলবার প্রাধ্যক্ষকে প্রতিবেদন জমা দিয়েছে। হল প্রাধ্যক্ষ ওই প্রতিবেদন বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের কাছে জমা দিয়েছেন। হল প্রাধ্যক্ষ ড. দুলাল চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তদন্ত কমিটি ১০১ জনের সাক্ষ্য নিয়েছে। আশা করি প্রকৃত দোষীদের সনাক্ত করা যাবে।" উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আগামি সিন্ডিকেট বৈঠকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১৫৯ ঘ.