২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের ধর্মঘটে চট্টগ্রাম ভেটেরিনারির পরীক্ষা স্থগিত

ছাত্রলীগের ধারাবাহিক ধর্মঘটের মুখে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 01:33 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

চট্টগ্রাম, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের ধারাবাহিক ধর্মঘটের মুখে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের ডিন কমিটি, পরীক্ষা নিয়ন্ত্রক ও পরীক্ষা কমিটির সদস্যদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক গৌতম বুদ্ধ দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, "স্থগিত পরীক্ষাগুলো কবে হবে তা ২৬ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।" ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার নয় নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়ার প্রতিবাদে রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট শুরু করে ছাত্রলীগ। শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের লাঞ্ছিত করার অভিয়োগে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক, যুগ্ম আহ্বায়কসহ পাঁচ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার ও আরো চার নেতাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন মেয়াদে শাস্তি দেয় শনিবার। আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান ধর্মঘটের কারণে সোমবার দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক সব কার্যক্রম বন্ধ ছিল। ছাত্রলীগের চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমল কান্তি মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপাচার্যের পদত্যাগ ও ছাত্রলীগ নেতাদের বহিস্কারাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ করে রাখা হবে।" উপাচার্য অধ্যাপক ড. নীতিশ চন্দ্র দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রলীগের ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নেই। ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কেউ ক্যাম্পাসে আসতে পারছে না।" ছাত্রলীগের নয় নেতাকর্মীকে শাস্তি দেয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উচ্ছৃঙ্খলদের বহিষ্কারের সিদ্ধান্তযৌক্তিক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/পিডি/১৯২৫ ঘ.