ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সনদ তুলতে এসে মঙ্গলবার গ্রেপ্তার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ভুয়া শিক্ষার্থী।
জাকিয়া সুলতানা নামে ওই শিক্ষার্থী ২০০১-০২ শিক্ষাবর্ষে অবৈধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে ভর্তি হন।
পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে জাকিয়া সনদ তুলতে প্রশাসনিক ভবনে আসেন। সনদ শাখার কর্মকর্তারা তার কাগজপত্র ভুয়া চিহ্নিত করলে প্রক্টর কার্যালয়ে খবর দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান জানান, জাকিয়াকে প্রক্টর কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদি হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানান প্রক্টর।
জাকিয়া ২০০৬ সালে সম্মান চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হন। পরে সাময়িক সনদের মাধ্যমে ইয়েমেনের একটি বিমান সংস্থায় ক্রু পদে চাকরি নেন। সাময়িক সনদটি হারিয়ে যাওয়ায় মূল সনদ তুলতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে আসেন জাকিয়া।
এর আগে গত ৭ জুলাই রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দিলরুবা খানম তাপসী নামে এক ভুয়া শিক্ষার্থী ধরা পড়ে।
এছাড়া গত ২২ জুলাই বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি বৈঠকে ভূগোল ও পরিবেশ বিভাগের ২০০০-২০০১ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী মো. রুবেল পারভেজ এবং এস এ ফেরদৌসের সনদ তলব করা হয়। তারা অবৈধভাবে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয় থেকে সনদও তুলে নিয়ে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২২০০ ঘ.
bdnews24