২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু ৭ অক্টোবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী ৭ অক্টোবর থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 05:26 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী ৭ অক্টোবর থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। এবার পরীক্ষার ফরম বিতরণ করা হবে মোবাইল ফোনে। ফলে ব্যাংকগুলোতে আর ফরম বিতরণ হবে না। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু ইউসুফের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মোবাইল ফোনের মাধ্যমে ১ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি ফরম সংগ্রহ ও জমাদানের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট মোবাইলফোন কোম্পানির প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হলে পরে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। ভর্তি কমিটির সদস্য আইন অনুষদের ডিন অধ্যাপক জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৭ অক্টোবর থেকে পরীক্ষা শুরু হয়ে ১২ অক্টোবর শেষ হবে। ভর্তি ফরমের দাম নির্ধারণ হয়েছে ৩০০ টাকা। মোবাইল ফোনের মাধ্যমে টাকা পরিশোধ করে ফরম সংগ্রহ করা যাবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৭ অক্টোবর সকালে বিজ্ঞান অনুষদ এবং বিকালে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরীক্ষা হবে। ৮ অক্টোবর সকালে জীব বিজ্ঞান অনুষদ এবং বিকালে ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ, ৯ সেপ্টেম্বর সকালে ব্যবসায় প্রশাসন অনুষদ এবং বিকালে ব্যবসায় প্রশাসন অনুষদের বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের, ১০ সেপ্টেম্বর সকালে কলা অনুষদ এবং বিকেলে কলা অনুষদের অধীন চারুকলা, প্রাচ্য ভাষা, নাট্যকলা, আরবি ও ইসলামিক স্টাডিজের পরীক্ষা আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত হবে। এছাড়া ১১ অক্টোবর সকালে সমাজবিজ্ঞান অনুষদ এবং ১২ অক্টোবর আইন অনুষদের পরীক্ষা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/পিডি/২৩২১ ঘ.