২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির উপাচার্য ও প্রক্টরের অপসারণ দাবি

বিক্ষোভকালে পুলিশের হামলার ঘটনায় উপচার্য ও প্রক্টরকে দায়ী করে তাদের অপসারণ দাবি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2010, 03:20 PM

Updated : 25 Aug 2022, 05:36 PM

চট্টগ্রাম, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিক্ষোভকালে পুলিশের হামলার ঘটনায় উপচার্য ও প্রক্টরকে দায়ী করে তাদের অপসারণ দাবি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বর্ধিত বেতন-ফি প্রত্যাহারসহ তিন দফা দাবিতে এক সংহতি সমাবেশে তারা এ দাবি জানায়। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সংহতি সমাবেশে শিক্ষক, বুদ্ধিজীবী ও অভিভাবকরাও যোগ দেন। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সংগঠন 'বর্ধিত বেতন-ফি বিরোধী ছাত্র-ছাত্রীবৃন্দ' এ সমাবেশের আয়োজন করে। বর্ধিত বেতন ও ফি প্রত্যাহারের দাবিতে গত ২৬ জুলাই থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। সোমবার বিক্ষোভ ও ভাংচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয় দেড় মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ দুটি মামলা করে। এ মামলায় ৫৪ ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৩০ জামিন পেয়েছেন। বাকিদের মধ্যে ছয়জনকে একদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। সংহতি সমাবেশে বক্তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামালার নিন্দা জানান। এ ঘটনার জন্য উপাচার্য ড. আবু ইউসুফ ও প্রক্টর ড. মোহাম্মদ জসীমউদ্দিনকে দায়ী করে তাদের অপসারণও দাবি করা হয়। শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক অশোক সাহা, চট্টগ্রাম আইনজীবি সমতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রসেফসর ইমেরিটাস ড. জামাল নজরুল ইসলাম, শহীদ জায়া বেগম মুশতারী শফি, আইনজীবী অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত, মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। এছাড়া ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য, প্রগতির পরিব্রাজক দল (প্রপদ), ছাত্র অধিকার আন্দোলন সমন্বয় পর্ষদ, উদীচী কেন্দ্রীয় সংসদ, চারণ সংস্কৃতি কেন্দ্র, সমাজতান্ত্রিক মহিলা ফোরামসহ বিভিন্ন সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এছাড়া বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকেই ক্লাস-পরীক্ষা বর্জন, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান ধর্মঘটসহ ক্যাম্পাস অচল করে রাখার কর্মসূচিও চলবে বলে জানায় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমএসবি/২১১৭ ঘ.