২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে গ্রেপ্তার ৩০ শিক্ষার্থীর জামিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩০ শিক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 12:11 PM

Updated : 25 Aug 2022, 05:29 PM

চট্টগ্রাম, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩০ শিক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম জেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে সংঘর্ষের ঘটনায় দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তারকৃত ৫৪ জনকে আদালতে হাজির করা হয়। জেলা কোর্ট ইন্সপেক্টর অনু মং মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিচারক শুনানি শেষে ৩০ জন শিক্ষার্থীর জামিন মঞ্জুর করে বাকি ২৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।" তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের দায়ের করা মামলায় আসামিরা জামিন পেলেও পুলিশের মামলায় ২৪ জনের জামিন নামঞ্জুর করে আদালত। সোমবারের ঘটনায় ভাঙচুর ও সম্পদের ক্ষতি সাধনের অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং কর্তব্য কাজে বাধা দান ও হামলার অভিযোগ এনে হাটহাজারী থানায় পুলিশ আলাদা দুটি মামলা দায়ের করে। এর আগে সোমবার সংঘর্ষের সময় ও বিভিন্ন হল তল্লাশি করে ২৬০ জনকে আটক করা হয়। পরে এদের মধ্যে যাচাই বাছাই শেষে ৫৪ জনকে মামলা দুটিতে গ্রেপ্তার দেখানো হয়। সংঘর্ষের পর সোমবার বিকালে জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার পর সোমবার ছাত্ররা হল ত্যাগ করলেও, ছাত্রীরা মঙ্গলবার সকাল ১০ টার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হল ত্যাগ করে। এদিকে বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে গঠিত তদন্ত কমিটি তাদের কাজ শুরু করেছে। বর্ধিত বেতন ও ফি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা গত ২৬ জুলাই থেকে আন্দোলন করে আসছিলো। প্রথমদিন বিক্ষোভের সময় শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে এক ছাত্রকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এসএএ/এমএসবি/১৮০৬ঘ.