জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিলম্বে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রোববার মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রগতিশীল শিক্ষক সমাজ ও বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবীর, উপ-উপাচার্য (প্রশাসন) মো. ফরহাদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মুনিরুজ্জামান, ট্রেজারার মো. নাসির উদ্দিন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধন কর্মসূচি শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সেখানে বক্তারা অবিলম্বে একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত অপরাধের সঙ্গে জড়িত ও তাদের সহযোগীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডিনিউজ টোয়েনিাটফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৩২৫ ঘ.
bdnews24