২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে বেতন-ফি কমানোর দাবি: ছাত্র বহিষ্কার

শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 04:13 PM

Updated : 25 Aug 2022, 04:54 PM

চট্টগ্রাম,জুলাই ২৬(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে। প্রশাসন জানায়, সোমবার বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশের সময় সুজন কুমার দে নামের লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী শিক্ষককে লাঞ্ছিত করেন। তবে শিক্ষার্থীরা দাবি করেছেন, ওই ছাত্রের বিরুদ্ধে এই অভিযোগ অযৌক্তিক। তাকে মিথ্যা দোষারোপ করা হয়েছে। কথিত লাঞ্ছনার শিকার শিক্ষক বলেছেন, তার সঙ্গে শুধু কথা কাটাকাটি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তালিকা তৈরি করে অনেককে কারণ দর্শাণো নোটিশ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। সোমবার সন্ধ্যায় ডিসিপ্লিনারী কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মোহাম্মদ জসীমউদ্দিন। সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আন্দোলনে অংশকারীদের তালিকা তৈরি করা হচ্ছে। এসব শিক্ষার্থীদের কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে। এদিকে ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে বর্ধিত বেতন ও খাতবিহীন ফি প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার থেকে ক্লাস বর্জনসহ ক্যাম্পাসের ব্যাংক অবরোধ, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। আন্দোলকারী শিক্ষার্থীদের পক্ষে প্রবাল মজুমদার ও দীপঙ্কর ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেতন ফি ২০০৯ সালে যা ছিল তার দ্বিগুণ করা হয়েছে। মানোন্নয়ন, অকৃতকার্য বিষয়ে আবার পরীক্ষা ও অনিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার ফি তিনগুণ করা হয়েছে। এছাড়া রশিদে কোনো খাত উল্লেখ না করেই বিভিন্ন ফি নেওয়া হচ্ছে। তারা জানান, বর্ধিত এসব ফি প্রত্যাহার না করলে সাধারণ শিক্ষার্থীরা লাগাতার আন্দোলন করে যাবে। সোমবার আন্দোলন চলাকালে কোনো শিক্ষককে লাঞ্ছনার অভিযোগ নাকচ করে এই দুই শিক্ষার্থী বলেন, শান্তিপূর্ণভাবে যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছেন তারা। তাদেরকে মিথ্যে দোষারোপ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্যমতে লাঞ্ছিত শিক্ষক আসাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থীরা আমাকে চিনতে পারেনি। তাদের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে মাত্র।" সোমবার দুপুর ১২টায় বর্ধিত বেতন ফি প্রত্যাহরের দাবিতে সমাজবিজ্ঞান অনুষদ থেকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাসের ছয়টি অনুষদ প্রদক্ষিণ করে। এরপর উপাচার্য কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা। এসময় উপাচার্যসহ প্রশাসনিক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। দুপর দেড়টায় সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও রেলস্টেশন চত্ত্বরে অবস্থান নেয় এবং প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। তারা শহরগামী দুপুর ২টার শাটল ট্রেন আটকে রাখে। এখানে আন্দোলনকারীরা আবার বিক্ষোভ সমাবেশ করে তাদের আন্দোলন কর্মসূচি ঘোষণা করে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন অর্থবছরের বাজেটে বেতন-ফি দশ শতাংশ বাড়ানো হয়েছে। মানোন্নয়ন, অকৃতকার্য বিষয়ে পুন:পরীক্ষা ও অনিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষার ফি বাড়ানো হয়েছে এসব বিষয়ে শিক্ষার্থীদের নিরুৎসাহিত করার জন্য। তিনি জানান, এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমএসবি/২২০৮ ঘ.