চট্টগ্রাম, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্যের পদত্যাগের দাবিতে আবারো আন্দোলনে যাচ্ছে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও সাধারণ ছাত্র-ছাত্রী পরিষদ।
১৫ আগস্টের মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে পরদিন থেকে বিশ্ববিদ্যালয়ে লাগাতার ধর্মঘটের হুমকি দিয়েছে তারা।
সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ ও পরিষদের নেতারা এ ঘোষণা দেয়।
গত বছরের ১৩ ডিসেম্বর উপাচার্য অধ্যাপক নীতিশ চন্দ্র দেবনাথের পদত্যাগসহ ২১ দফা দাবিতে ছাত্রলীগ ও সাধারণ ছাত্র-ছাত্রী পরিষদ লাগাতার ধর্মঘট ডাকে এবং তার বাসভবনে তালা লাগিয়ে দেয়।
পরদিন অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
চলতি বছরের ১০ এপ্রিল ধর্মঘট প্রত্যাহার করা হয়।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমল কান্তি মজুমদার উপাচার্যকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা ধর্মঘট প্রত্যাহার করলেও এখন পর্যন্ত দাবি পূরণ হয়নি।
বিশ্ববিদ্যালয় খোলার পর থেকে উপাচার্য নানাভাবে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের হয়রানি করছেন বলেও কমল অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে কমল কান্তি দাবি করেন, উপাচার্যের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগগুলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।
এরপরও দুর্নীতিবাজ উপাচার্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সংবাদ সম্মেলনে মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রী ও উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এমএসবি/১৯০০ ঘ.
bdnews24