ঢাকা, ২২ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যারা শিক্ষার পরিবেশ নষ্ট করবে তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিক্ষাঙ্গণে শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "যারা পরিবেশ নষ্ট করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
বৃহস্পতিবার বিকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই টেন্ডারবাজি আর দলীয় কোন্দল নিয়ে দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান অস্থির হয়ে উঠেছে। আর বেশিরভাগ ঘটনার পেছনে দায়ী হিসেবে উঠে আসছে ক্ষমতাসীন দল সমর্থক ছাত্রলীগের নাম।
সংসদ নেতা বলেন, "বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশকারীদের নাম আমি নিজেই সংগ্রহ করছি।"
যে কোন মূল্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার পরিবেশ বজায় রাখার আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সংঘর্ষ হচ্ছে সেখানে আদর্শিক নয়, লেনদেনটাই বড় কথা। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। যারা গন্ডগোল করছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু, কয়েকদিন পরেই তারা জামিনে বেরিয়ে আসছে। বিচার বিভাগ তো স্বাধীন। আমরা যাবোটা কোথায়?"
তিনি বলেন, "ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাদের গ্রেপ্তার করা হয়েছিল, তারা সাত দিনের মধ্যে জামিন নিয়ে বেরিয়ে এসেছে। অপরাধীরা জামিনে বেরিয়ে আসলে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরাও হতাশ হয়ে যায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএএ/২০৫৪ঘ.
bdnews24